স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুর উপজেলা ও ভারতের মেঘালয় পাহাড়ে ভারী বৃষ্টিপাতে উপজেলার সকল নদীর পানি বৃদ্ধি পেয়েছে। বিলম্ব হলেও হাওরে প্রবেশ করছে পানি।
গত মঙ্গলবার রাতভর উপজেলা ও ভারতের মেঘালয় পাহাড়ে ভারী বৃষ্টিপাতের ফলে সীমান্ত নদী যাদুকাটার পানি বৃদ্ধি পেয়ে রক্তি, পাটলাই ও বৌলাই নদীতে প্রবেশ করছে। অপরদিকে তাহিরপুর-সুনামগঞ্জ সড়কের শক্তিয়ারখলা এলাকার ১০০ মিটার সড়ক ৩ ফুট পানির নীচে পড়েছে। এ অবস্থাতেই পানি ভেঙে সড়কে চলাচল করছেন মানুষজন। এদিকে বৌলাই নদীর পানি শনির হাওরের বীরনগর ফসল রক্ষা বাঁধ উপচে হাওরে প্রবেশ করছে। এছাড়া নদীর পানি যাতে সহজে হাওরে প্রবেশ করতে পারে সে জন্য পানি উন্নয়ন বোর্ড উপজেলার শনি ও মাটিয়ান হাওরের স্লুইস গেটগুলো খুলে দিয়েছে। এদিকে বাঁধ এলাকাতে লোকজনকে জাল হতে নিয়ে মাছ ধরতে দেখা গেছে।
তাহিরপুর-সুনামগঞ্জ সড়কে চলাচলকারী তাহিরপুর হিফজুল উলুম আলিম মাদ্রাসার প্রভাষক আসিকুর রহমান জানান, শক্তিয়ারখলা ১০০ মিটার রাস্তা উপর ৩ ফুট পানি ভেঙে অনেক কষ্ট করে কর্মস্থলে আসতে হয়েছে।
তাহিরপুর সদর ইউপি সদস্য তুজাম্মিল হক নাসরুম বলেন, মঙ্গলবার রাতের ভারী বৃষ্টিপাতে বৌলাই নদীর পানি বৃদ্ধি পেয়েছে। এখন বীরনগর ফসল রক্ষা বেরীবাঁধ ভেঙে শনির হাওরে পানি প্রবেশ করছে।


