আসছেন প্রবাসীরা

জগন্নাথপুর অফিস
প্রবাসী অধ্যুষিত জগন্নাথপুর উপজেলার সকল স্থানীয় সরকার নির্বাচনে প্রবাসীদের অংশগ্রহণ থাকে। প্রবাসীদেরকে ভালোবেসে জনগণও জনপ্রতিনিধি নির্বাচিত করেন। জনগণের ভালোবাসায় এসব প্রবাসীদের কেউ কেউ প্রবাসের জীবন যাপন ফেলে দেশে এসে জনসেবায় আত্মনিয়োগ করেন। এবার উপজেলা পরিষদ নির্বাচনে উল্লেখযোগ্য সংখ্যক প্রবাসী চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার কথা থাকলেও স্বল্প সময়ে হঠাৎ করে নির্বাচনী তফসিল ঘোষণায় অনেকেই প্রস্তুুতি না থাকায় বেকায়দায় পড়ে নির্বাচন করতে পারবেন না বলে জানিয়েছেন। তারপরও নির্বাচনে সরাসরি অংশ নেয়া কিংবা পছন্দের প্রার্থীর পক্ষে কাজ করতে দেশে আসছেন বেশ কয়েকজন প্রবাসী। জগন্নাথপুর উপজেলা  
পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে তাদের নাম রয়েছে আলোচনায়। নির্বাচনী তফসিল ঘোষণার পরপরই তারা জানিয়েছেন শীঘ্রই দেশে এসে নির্বাচনী প্রচারনায় যোগ দিবেন তাঁরা।
এসব প্রবাসীরা হলেন, যুক্তরাজ্য আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সৈয়দ আবুল কাশেম। যিনি ২০০৯ সালের ২২ জানুয়ারি উপজেলা পরিষদ নির্বাচনে হাতি প্রতীক নিয়ে লড়াই করেন। খুব শ্রীঘ্রই দেশে আসবেন বলে তার ঘনিষ্ঠজনরা জানিয়েছেন।
সৈয়দ আবুল কাশেম বলেন, হঠাৎ করে তফসিল ঘোষণা করার স্বল্প সময়ে দেশে গিয়ে নির্বাচনে অংশ নেয়া কঠিন বিষয় হয়ে পড়েছে। দেশে থাকা স্বজন, শুভাকাঙ্খি ও দলীয় নেতাকর্মীদের সাথে প্রতিদিন যোগোযোগ হচ্ছে। শ্রীঘ্রই সিদ্ধান্ত নিব। এছাড়াও সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আবুল হাসান উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিতে দেশে আসবেন বলে জানান। তিনি বলেন, দেশে এসে দলীয় নেতাকর্মী ও শুভাকাঙ্কিদের সাথে আলোচনা করে নির্বাচনে অংশ নেয়ার বিষয়ে সিদ্ধান্ত নেব। জগন্নাথপুর পৌরসভার সাবেক মেয়র আওয়ামীলীগ নেতা মিজানুর রশীদ ভূঁইয়া দলীয় প্রতীকে নির্বাচন করতে আগ্রহ প্রকাশ করে শীঘ্রই দেশে আসার ঘোষণা দিয়েছেন বলে তার স্বজনরা জানিয়েছেন। মিজানুর রশীদ ভূঁইয়া জগন্নাথপুর পৌরসভার প্রথম পৌর চেয়ারম্যান মুক্তিযুদ্ধের সংগঠক প্রয়াত আওয়ামীলীগ নেতা হারুনুর রশীদ হিরন মিয়ার পুত্র। গত পৌর নির্বাচনে তৃণমুল থেকে আওয়ামীলীগের প্রার্থী হিসেবে তার নাম কেন্দ্রে পাঠানো হলেও তিনি দলীয় মনোনয়ন না পেয়ে নির্বাচন থেকে বিরত থাকেন। যুক্তরাজ্য বিএনপি নেতা এম এ কাদির ধানের শীষ প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে নির্বাচন করার আগ্রহ প্রকাশ করে শ্রীঘ্রই দেশে আসছেন বলে জানিয়েছেন। তিনি বলেন, দল নির্বাচনে অংশ নিলে দলীয় প্রতীকে নির্বাচন করতে চাই। সে লক্ষে দলের নেতাকর্মীসহ সকলের সাথে তিনি যোগাযোগ করছেন বলে জানিয়েছেন। এছাড়াও ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করার আগ্রহ রয়েছে যুক্তরাজ্য ছাত্রলীগের সাবেক ছাত্রনেতা জুবায়ের আহমদ ও যুক্তরাজ্য প্রবাসী ফয়সল আম্বিয়া টিটুর। নির্বাচনী তফসিল ঘোষণার পর পর প্রবাসী এসব প্রার্থীরা তৎপর হয়ে উঠেছেন। এছাড়াও দেশে থাকা প্রার্থীদের সমর্থনে প্রবাসীরা প্রচারণায় নামতে দেশে আসার পরিকল্পনা করছেন। নির্বাচনকে সামনে রেখে কমপক্ষে অর্ধশতাধিক প্রবাসী দেশে আসার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে। উপজেলা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে উল্লেখযোগ্য সংখ্যক প্রবাসী প্রার্থী নির্বাচনে অংশ নেন। এবার উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিতে ইতিমধ্যে যুক্তরাজ্য প্রবাসী যুক্তরাজ্য আওয়ামীলীগের সহ-সভাপতি হরমুজ আলী, মিডল্যান্ড আওয়ামীলীগ সভাপতি আকমল খাঁন মাঠে রয়েছেন।