আয়কর মেলা উদ্বোধনকালে এমএ মান্নান- মেলায় ৩ হাজার কোটি টাকা আয়ে আমরা আশাবাদী

সু.খবর ডেস্ক
সারাদেশে একযোগে অনুষ্ঠিত এবারের আয়কর মেলায় তিন হাজার কোটি টাকা আয়ের আশাবাদ ব্যক্ত করেছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এমএ মান্নান। বুধবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্মাণাধীন জাতীয় রাজস্ব বোর্ড ভবনে আয়কর মেলা উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে এমএ মান্নান বলেন, গতবার আয়কর মেলায় ২ হাজার ১৩০ কোটি টাকা আয় হয়েছিল। এবার ৩ হাজার কোটি টাকা আয় হবে বলে আমরা আশাবাদী। ৮ম বারের মতো আয়কর মেলা হচ্ছে। ক্রমশ: করদাতাদের সেবার মান বাড়ানো হচ্ছে। এনবিআর সবসময় করদাতা সেবায় নিয়োজিত। তবে রাজস্ব আহরণে সবাইকে একযোগে কাজ করতে হবে। শুধু এনবিআরের পক্ষে একা কাজ করে দেশের উন্নয়ন করা সম্ভব নয়।
তিনি আরও বলেন, আমরা এখন মাথা উচু করে দাঁড়িয়েছি। এমন এক সময় ছিল যখন আমরা অন্যের উপর নির্ভরশীল ছিলাম। কিন্তু এখন দেশের জনগণ কর দিচ্ছে ফলে আমরা নিজেরাই নিজেদের উন্নয়ন করছি। তবে দেশের যেকোনো সুবিচার এখনো পুরোপুরিভাবে আমরা প্রতিষ্ঠিত করতে পারেনি। এজন্য সবাইকে সচেতন হওয়া দরকার।  
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. নজিবুর রহমান বলেন, আয়করদাতা শনাক্তকরণের জন্য এবার দেওয়া হবে আয়কর পিন নম্বর। যে পিন নম্বরের মাধ্যমে আয়করদাতাকে শনাক্ত করা হবে। এছাড়া আয়কর মেলা প্রধানমন্ত্রীর ভাষায় একটি প্রাণের মেলা। যেখানে করদাতারা আনন্দে সব সেবা নিচ্ছেন ও কর দিচ্ছেন।
তিনি আরও বলেন, ৮৫টি পুরো পরিবার দীর্ঘদিন ধরে আয়কর দিচ্ছে। আমরা তাদের সম্মাননা দিয়েছি। এমনকি একটি পরিবারের সবাই ৫৮ বছর ধরে আয়কর দিচ্ছেন। আমরা গর্বিত এসব করদাতাদের জন্য।