আ. লীগের কেন্দ্রীয় নেতৃত্বে যেতে পারেন সিলেটের ২ নেত্রী- আলোচনায় রয়েছে ৭ জনের নাম

বিশেষ প্রতিনিধি
আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটিতে এবার ৩৩ শতাংশ নারী সদস্যকে স্থান দেওয়া হবে বলে সংগঠনটির নীতি নির্ধারনী পর্যায়ে কথা হচ্ছে। এই অবস্থায় প্রত্যেকটি বিভাগ থেকে কমপক্ষে ২ জন নারী নেত্রী কেন্দ্রীয় সদস্য হবার সুযোগ সৃষ্টি হয়েছে। সিলেট বিভাগ থেকে কেন্দ্রীয় কমিটিতে যারা স্থান  পেতে পারেন বলে আলোচনা হচ্ছে, এমন নারী নেত্রী রয়েছেন ৭ জন। এর মধ্যে সুনামগঞ্জের অ্যাড. শামছুন্নাহার বেগম শাহানা ও অ্যাড. শামীমা শাহ্রিয়ারের নামও রয়েছে।
আওয়ামী লীগের সিলেট বিভাগের একাধিক দায়িত্বশীল নেতা জানান,আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটিতে সিলেট বিভাগের কোটায় সদস্য হিসাবে বিভিন্নভাবে যাদের নাম আলোচনায় রয়েছে। এরা হলেন সুনামগঞ্জ-মৌলভীবাজারের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের নেত্রী অ্যাড. শামছুন্নাহার বেগম শাহানা, সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য সৈয়দা জেবুন্নেছা হক, সম্মিলিত সা্কংৃতিক জোটের সিলেট জেলার সভাপতি নাজমিন হোসেন, সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য হুসনে আরা ওয়াহিদ, মৌলভীবাজার জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি জহুরা আলাউদ্দিন, সিলেট-হবিগঞ্জের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য  
কেয়া চৌধুরী ও কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির মানব সম্পদ বিষয়ক সম্পাদক অ্যাড. শামীমা শাহ্রিয়ার।
অ্যাড. শামছুন নাহার বেগম শাহানা বলেন,‘আমি সংগঠনের কাজের সঙ্গে যুক্ত আছি। এই বিষয়ে কোথাও তদবির করছি না, কেন্দ্রীয় কমিটিতে কাকে নেওয়া হবে, না নেওয়া হবে তাও জানি না আমি’।
অ্যাড. শামীমা শাহ্রিয়ার বলেন,‘আমি এই বিষয়ে কিছুই জানি না। আমি সার্বক্ষণিক রাজনৈতিক কর্মী। কেন্দ্রীয় নেতৃত্বের প্রত্যাশায় নয়, কৃষক নেত্রী হিসাবে মাঠে কাজ করছি আমি’।