আ.লীগের কেন্দ্রীয় সম্মেলন ধর্মপাশায় কাউন্সিলার হতে পারেন যারা

স্টাফ রিপোর্টার
আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সম্মেলন ও কাউন্সিলকে কেন্দ্র করে জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন ও কাউন্সিলর তালিকা নিয়ে জোরালো আলোচনা শুরু হয়েছে। কাউন্সিলর হতে আগ্রহী নেতৃবৃন্দ নানাভাবে তদবির-লবিং করছেন। কাউন্সিলার হতে পারলে জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটিতে সহজে পদ পদবী পাওয়া যাবে এই বিষয়টি সামনে রেখে অনেকেই জোর কদমে আগাচ্ছেন।
দলীয় সূত্রে জানা যায়, আগামী ২২ ও ২৩ অক্টোবর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সম্মেলন ও কাউন্সিল করার সিদ্ধান্ত হয়েছে। সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী কাউন্সিলে প্রতিটি জেলায় ২৫ হাজার জনসংখ্যায় ১ জন করে কাউন্সিলর অংশ নেবেন। জনসংখ্যা অনুযায়ী সুনামগঞ্জের প্রায় ২৫ লাখ জনসংখ্যায় ৯৬ থেকে ১০০ জন কাউন্সিলার হবেন। কাউন্সিলার হিসাবে জেলা ও উপজেলা কমিটির সভাপতি-সাধারণ সম্পাদক ও সিনিয়র নেতৃবৃন্দকেই মনোনীত করা হবে।    কিন্তু বর্তমানে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগে সভাপতি-সাধারণ সম্পাদক ছাড়া আর কোন পদ না থাকায় কারা কারা কাউন্সিলর হবেন এনিয়ে জল্পনা-কল্পনা শুরু হয়েছে।
দলীয় ও স্থানীয়ভাবে খোঁজ নিয়ে জানা গেছে, ধর্মপাশা উপজেলায় লোক সংখ্যা অনুযায়ী ১০ জন কাউন্সিলর হতে পারেন। কাউন্সিলর পদে সম্ভাব্য হিসাবে যাদের নাম শুনা যাচ্ছে তারা হলেন, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মনীন্দ্র চন্দ্র তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্থানীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, সহ সভাপতি আব্দুল হাই তালুকদার, ফখরুল ইসলাম চৌধুরী, মোজাম্মেল হক ইকবাল, আলমগীর কবির, সাধারণ সম্পাদক শামীম আহমদ বিলকিছ, যুগ্ম সাধারণ সম্পাদক শামীম আহমদ মুরাদ, সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পাইকুরাটি ইউপি চেয়ারম্যান ফেরদৌসুর রহমান, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি জয়শ্রী ইউপি চেয়ারম্যান সঞ্জয় রায় চৌধুরী।
উপজেলা আওয়ামী লীগের সিনিয়র নেতারাই কেন্দ্রীয় কাউন্সিলের কাউন্সিলার হওয়ার সম্ভবনা রয়েছে বলে দৈনিক সুনামগঞ্জের খবরকে জানিয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমদ বিলকিছ।