স্টাফ রিপোর্টার
আওয়ামী লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেন,‘কিশোরগঞ্জ-নেত্রকোনা ও সুনামগঞ্জ একই সূত্রে গাঁথা, এই তিন জেলাই ভাটির জেলা, এখানকার মানুষের জীবনচিত্র, কথা বার্তা, খাওয়া দাওয়া, সমস্যা সব কিছুতেই মিল রয়েছে, আমি কিশোরগঞ্জের মানুষ, সুতরাং সুনামগঞ্জ থেকে আলাদা নয় আমি, আত্মীয়তার ক্ষেত্রেও কিশোরগঞ্জ-নেত্রকোনা ও সুনামগঞ্জের মধ্যেই বেশি হয়’। বৃহস্পতিবার বিকালে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেবার সময় তিনি এসব কথা বলেন।
জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মতিউর রহমানের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুল হুদা মুকুটের সঞ্চালনায় সমাবেশে এছাড়াও বিশেষ অতিথির বক্তব্য রাখেন- কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুবুল আলম হানিফ এমপি, প্রচার ও প্রকাশনা সম্পাদক ডা. হাছান মাহমুদ এমপি, সাংগঠনিক সম্পাদক অ্যাড. মিসবাহ্ উদ্দিন সিরাজ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. বদিউজ্জামান ভুইয়া ডাবলু, কেন্দ্রীয় কমিটির সদস্য অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান এমপি প্রমুখ।
আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মাহবুবুল আলম হানিফ বক্তব্যের শুরুতেই সম্মেলনের বিশৃঙ্খলা প্রসঙ্গে কথা বলেন। তিনি বলেন,‘এ পর্যন্ত ৬০ টি জেলা ইউনিটের সম্মেলন হয়েছে, আমি ৫০ টি জেলায় সম্মেলনে গিয়েছি, এতো বিশৃঙ্খল অবস্থা এর আগে কোথাও দেখিনি। যারা মঞ্চের সামনে স্লোগান দিচ্ছে, তাঁদের পেছনে হাজার হাজার বয়োজ্যেষ্ঠ দলীয় নেতাকর্মী দাঁড়িয়ে আছেন, যারা ৭৫ পরবর্তী সময়ে দল রক্ষা করেছিলেন তারা পেছনে দাঁড়িয়ে আছেন’।
মুরুব্বিদের সম্মান জানানোর অনুরোধ জানিয়ে দলীয় নেতাকর্মী ও সমাবেশের উদ্দেশ্যে মাহবুবুল আলম হানিফ বলেন,‘দীর্ঘ নয় মাস যুদ্ধ করে পাকিস্তানিদের কবল থেকে দেশকে মুক্ত করা হয়েছিল, বাঙালি বীরের জাতি বাঙালি যুদ্ধ করেই দেশকে এগিয়ে নিচ্ছে’।
তিনি বলেন,‘২০০১ ও ২০০৬ সালে বাংলাদেশকে শ্মশানে পরিণত করা হয়েছিল। হাজার হাজার কোটি টাকা পাচার করে দুর্নীতির স্বর্গরাজ্যে পরিণত করা হয়েছিল দেশকে। একদিকে দুর্নীতি-অন্যদিকে সন্ত্রাস করে দেশকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া হয়েছিল, ২০০৭ সালে জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় এসে দেশকে রক্ষা করেছেন’।
কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাড. মিসবাহ্ উদ্দিন সিরাজ বলেন,‘ বিগত পৌর নির্বাচনে সিলেট বিভাগে যেভাবে আওয়ামী লীগ জিতেছিল, দলকে ঐক্যবদ্ধ রেখে আগামী ইউপি নির্বাচনেও জিততে হবে। প্রত্যেকটি ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থীকে জয়ী করতে হবে। মার্চ স্বাধীনতার মাস, বিজয়ের মাস, এই মাসেই ইউপি নির্বাচন শুরু হচ্ছে, স্বাধীনতার চেতনায় উজ্জীবিত হয়ে দলের প্রার্থীদের পক্ষে কাজ করতে হবে’।
আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান বলেন,‘এই সম্মেলন জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য, দল শক্তিশালী হলে আমাদের সকলের শক্তি বাড়বে, আমি ওয়াদা করছি দলীয় সাধারণ সম্পাদক যে কমিটি ঘোষণা করবেন, আমি সেটিই মেনে নেবো, অতিথিদের সম্মান রক্ষার জন্য যা যা করা প্রয়োজন সব কিছুই করবো’।


