আ.লীগের মনোনয়ন নিয়ে শঙ্কায় মুক্তিযুদ্ধবিরোধী পরিবারের সদস্যরা

বিশেষ প্রতিনিধি
মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযুক্তের ছেলেরা আওয়ামী লীগের মনোনয়ন এবার পাবেন কী-না, এ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন। আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এ ধরণের অভিযোগ জানাতে প্রতিদিনই কোন না কোন মুক্তিযোদ্ধাকে নানা কৌশলে নেওয়া হচ্ছে এবং মনোনয়ন প্রত্যাশীরা এই বিষয়টিকে এখন প্রধান অস্ত্র হিসাবে ব্যবহার করছেন। এমনকি কোথাও শান্তি কমিটিতে বাবার নাম ছিল, এজন্য সন্তানকে মনোনয়ন না দেবার জন্যও লিখিত আবেদন জানানো হচ্ছে।
মুক্তিযুদ্ধকালীন সময়ের গুরুত্বপূর্ণ যুদ্ধাঞ্চল সুনামগঞ্জের ১১ উপজেলায় প্রায় ৩ হাজার মুক্তিযোদ্ধা রয়েছেন। রাজাকারদের সংখ্যাও এই জেলায় একেবারে কম নয়। সরাসরি পাক হায়েনাদের সহায়তাকারীরা যেমন এই জেলার অনেক এলাকায় রয়েছেন, তেমনি নানা কারণে শান্তি কমিটিতে নাম যুক্ত করেছিলেন এমন নামের সংখ্যাও এই জেলায় কম নয়।
এবারের ইউপি নির্বাচনে যুদ্ধাপরাধী বা মানবতাবিরোধীদের ছেলেদেরকেও আওয়ামী লীগের ‘নৌকা প্রতীক’ দেওয়া না হতে পারে, এই বিষয়টি টের পেয়ে অনেকে যেমন খুশি আবার অনেকে দুশ্চিন্তার মধ্যে পড়েছে।
জেলার জামালগঞ্জ সদর ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী দুই প্রার্থী পড়েছেন দুশ্চিন্তায়। তাদের বাবা পাক হায়েনাদের নানাভাবে সহায়তা করেছিলেন। দলের ভেতরে থাকা এই দুই প্রার্থীর বিরোধীরা  ইতিমধ্যে বিভিন্ন তথ্য প্রমাণ কেন্দ্রীয় দপ্তরে জমা দিয়েছেন। এই উপজেলার ভীমখালী ইউনিয়নের একজন দলীয় মনোনয়ন প্রত্যাশীর বিরুদ্ধে এসব কথা দায়িত্বশীলদের বলেছেন দলীয় প্রতিপক্ষের নেতা কর্মীরা।
জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের একজন মনোনয়ন প্রত্যাশীর বিরুদ্ধেও দলের অন্যপক্ষ এধরনের অভিযোগ জানিয়েছেন। শাল্লার আটগাঁও ইউনিয়নের একজন মনোনয়ন প্রত্যাশী এবং ধর্মপাশা সদর ইউনিয়নের একজন মনোনয়ন প্রত্যাশীর বিরুদ্ধেও এধরনের অভিযোগ জানানো হয়েছে।
সরাসরি অভিযোগ জানাতে না পারলেও কৌশলে মুক্তিযোদ্ধাদের অথবা সুনামগঞ্জের মুক্তিযুদ্ধের ঐতিহাসিক বই তুলে দেওয়া হচ্ছে কেন্দ্রীয় নেতাদের হাতে। অভিযুক্তদের মধ্যে কোথাও কোথাও একাধিকবার নির্বাচিত প্রভাবশালী চেয়ারম্যানও রয়েছেন।
জেলার দোয়ারাবাজারের এক প্রভাবশালী চেয়ারম্যান। যিনি ইতিপূর্বে ৩ বার চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার বিরুদ্ধেও এ ধরনের অভিযোগ আনা হয়েছে। মুক্তিযোদ্ধা কাকনবিবিকে স্বশরীরে ঢাকায় নিয়ে এই চেয়ারম্যানের বাবা শান্তি কমিটির সদস্য ছিলেন বলে সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, দোয়ারাবাজারের ৯ ইউনিয়নের বর্তমান চেয়ারম্যানরা এই বিষয়টি নিয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আব্দুস সোবহান গোলাপের সঙ্গে দেখা করে ব্যাখ্যা দিয়েছিলেন এবং ঐ চেয়ারম্যান এবং তাঁর পরিবার মুক্তিযুদ্ধের আগে থেকেই আওয়ামী লীগের সঙ্গে ছিলেন এমন তথ্য দেবার পরও আব্দুস ছোবহান গোলাপ এই বিষয়ে কোন ব্যাখ্যা শুনতেও রাজি হননি। তিনি  (গোলাপ) সুনামগঞ্জের মুক্তিযুদ্ধের ঐতিহাসিক একটি বই দেখিয়ে বলেন, ‘এটি ছাপা হবার পর, কোন প্রতিবাদ দেওয়া হয়েছিল কী-না?’
জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান বলেন,‘ইউনিয়ন পর্যায়ে মনোনয়ন দেবার সময় কার বাবা রাজাকার ছিলো, শান্তি কমিটিতে ছিল এটি খেয়াল করাও কঠিন বিষয়, তবে এই বিষয়ে কেন্দ্রীয় নির্দেশনা রয়েছে’।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবীর ইমন বলেন,‘মানবতাবিরোধী অপরাধ কর্মের সঙ্গে যুক্ত ছিলেন, এমন কাউকে দলীয় মনোনয়ন দেওয়া উচিত নয়, এটি করলে মূল্যবোধের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হবে’।