আ.লীগের ১২ প্রার্থীর নাম মনোনয়ন বোর্ডে জমা

বিশেষ প্রতিনিধি
জেলার তিন পৌরসভায় মেয়র পদে নির্বাচন করতে আগ্রহী ১২ প্রার্থীর নাম কেন্দ্রীয় মনোনয়ন বোর্ডের কাছে জমা দিয়েছেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক। ১১ ডিসেম্বর বিকালে এই তালিকা কেন্দ্রীয় মনোনয়ন বোর্ডে জমা দেওয়া হয়। এদিকে, দিরাই পৌরসভায় দলের বিদ্রোহী প্রার্থী মোশারফ মিয়াকে কেন বহিস্কার করা হবে না উল্লেখ করে সোমবার জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে শোকজ পাঠানো হয়েছে।
সুনামগঞ্জ পৌরসভায় আগ্রহী প্রার্থীদের মধ্যে বর্তমান মেয়র আওয়ামী লীগ নেতা নাদের বখ্ত, জেলা আওয়ামী লীগের শিল্প বিষয়ক সম্পাদক দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শংকর দাসের নাম কেন্দ্রীয় মনোনয়ন বোর্ডে জমা দেওয়া হয়েছে।
ছাতক পৌরসভায় বর্তমান মেয়র জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আবুল কালাম, সাবেক পৌর চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আব্দুল ওয়াহিদ মজনু ও যুবলীগ নেতা সুমন চৌধুরী’র নাম জমা দেওয়া হয়েছে। জগন্নাথপুর পৌরসভায় বর্তমান মেয়র মিজানুর রশিদ ভুইয়া, জেলা পরিষদ সদস্য মাহতাবুল হাসান সমুজ, যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতা আকমল খাঁন, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্মসম্পাদক যুক্তরাজ্য প্রবাসী লুৎফুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বীরেন্দ্র সুত্রধর ও আওয়ামী লীগ নেতা জব্বার মিয়ার নাম জমা দেওয়া হয়েছে। এদিকে, দিরাই পৌরসভার বর্তমান মেয়র শোশারফ মিয়া মনোনয়ন না পেয়ে নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়ায় সংগঠনের আদর্শ ও শৃঙ্খলা বিরোধী কার্যক্রমে লিপ্ত থাকার অভিযোগ এনে কেন তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না এই মর্মে শোকজ করা হয়েছে।
শোকজের চিঠিতে উল্লেখ করা হয়েছে, আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর বিপক্ষে বিদ্রোহী প্রার্থী হিসাবে প্রচারণা চালিয়ে আপনি সাংগঠনিক শৃঙ্খলা বিরোধী ও গঠনতন্ত্র পরিপন্থি কর্মকা-ে লিপ্ত থাকার লিখিত অভিযোগ পাওয়া গেছে। সে কারণে গঠনতন্ত্র অনুযায়ী আপনাকে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব থেকে স্থায়ীভাবে কেন বহিস্কার যাবে না এই মর্মে আগামী ৫ দিনের মধ্যে জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটি বরাবরে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হলো। এই শোকজের চিঠি হোয়াটসঅ্যাপে এবং রেজিস্ট্রি ডাকে মোশারফ মিয়ার কাছে পাঠানো হয়েছে।
মোশারফ মিয়া সোমবার সন্ধ্যা সাড়ে ৬ টায় জানিয়েছেন, তিনি চিঠি এখনো দেখেন নি। দেখে জবাব পাঠাবেন।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন এসব তথ্য নিশ্চিত করেছেন।