সু.খবর ডেস্ক
আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ ৩ আসনে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান এবং ৫ আসনে মুহিবুর রহমান মানিককে রেখে দেশের ১৫১ আসনে আওয়ামী লীগ দলীয় মনোনয়ন চূড়ান্ত করেছে বলে একটি জাতীয় দৈনিকে সংবাদ প্রকাশিত হয়েছে।
ওই সংবাদে উল্লেখ করা হয়েছে, সরকারি-বেসরকারি একাধিক জরিপের মাধ্যমে নামগুলো বাছাই করা হয়েছে। একাদশ সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য ওই ১৫১ প্রার্থী প্রস্তুতি নিচ্ছেন। চূড়ান্ত তালিকায় যারা রয়েছেন তাদের অনেককেই ইতোমধ্যে আওয়ামী লীগের হাইকমান্ড থেকে মনোনয়নের বিষয়টি জানিয়ে নির্বাচনী এলাকায় জনসংযোগ করতে বলা হয়েছে। সংশ্লিষ্ট একাধিক সূত্র খবরটি নিশ্চিত করেছে।
আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সদস্য ও সভাপতিম-লীর সদস্য কাজী জাফরউল্লাহ বলেন, ‘বিভিন্ন জরিপের ভিত্তিতে আওয়ামী লীগের প্রার্থী বাছাইয়ের কাজ চলছে। ইতোমধ্যে বেশকিছু আসনে প্রার্থী বাছাই সম্পন্ন হয়েছে। তিনি বলেন, চূড়ান্ত প্রার্থীদের অনেককেই চুপচাপ জানানো হচ্ছে, এলাকায় গিয়ে কাজ করার জন্য নির্দেশ দেওয়া হচ্ছে।
জানা যায়, সরকারের বিভিন্ন সংস্থা, জেলা প্রশাসন, জেলা পুলিশ, বেসরকারি গবেষণা সংস্থা, দলীয় বিভিন্ন শাখার মাধ্যমে জরিপগুলো চালানো হয়েছে। সব জরিপের ফল একসঙ্গে বিশ্লেষণ করে কিছু আসনের প্রার্থী প্রাথমিকভাবে চূড়ান্ত করা হয়েছে। যেসব আসনে মনোনয়ন পরিবর্তন হতে পারে এখন ওই আসনগুলো নিয়ে চুলচেরা বিশ্লেষণ চলছে। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা নিজে ২০০ আসনে প্রার্থী জরিপ চূড়ান্ত হয়েছে বলে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির গত বৈঠকের আগের বৈঠকে জানিয়েছিলেন সভাপতি নিজেই। এখন ওই ২০০ আসনের মধ্য থেকে ১৫১ জনের মনোনয়ন প্রাথমিকভাবে চূড়ান্ত করা হয়েছে।
Í


