আ.লীগের ২৮ ইউপির প্রার্থী ঘোষণা আজ

স্টাফ রিপোর্টার
ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সুনামগঞ্জের জামালগঞ্জ, ধর্মপাশা, মধ্যনগর, তাহিরপুর ও বিশ্বম্ভরপুর উপজেলার ২৮ টি ইউনিয়নের দলীয় প্রার্থী বাছাই নিয়ে ঢাকায় আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় রাজধানীর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে এই সভা অনুষ্ঠিত হয়। তবে কোন ইউনিয়নে কে মনোনয়ন পাচ্ছেন তা ঘোষণা হয়নি শুক্রবার। আজ শনিবার বেলা ১১ টায় দলীয় চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা করা হবে বলে দলীয় সূত্রে জানা গেছে। সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন শুক্রবার রাতে দৈনিক সুনামগঞ্জের খবরকে বলেন, ‘শুক্রবার চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় প্রার্থী বাছাইয়ের সভা অনুষ্ঠিত হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়নি। আজ শনিবার বেলা ১১ টায় নাম ঘোষণা হবে।’
উল্লেখ্য, এই ২৮ ইউনিয়নে চূড়ান্ত মনোনয়ন নিয়ে প্রার্থী, রাজনৈতিক নেতৃত্ব ও কর্মী-সমর্থকদের মধ্যে তীব্র উত্তেজনা রয়েছে। বিভিন্ন  ইউনিয়ন থেকে দলীয় মনোনয়নের জন্য একাধিক প্রার্থীর নাম কেন্দ্রে যাওয়ায় শেষ পর্যন্ত কার ভাগ্যে চূড়ান্ত মনোনয়নের টিকেট জুটবে তা নিয়ে সর্বত্র রয়েছে ব্যাপক আগ্রহ। বিভিন্ন ইউনিয়নের প্রার্থীরা গত কয়েক দিন যাবৎ কর্মী-সমর্থকসহ ঢাকা অবস্থান করছেন। তাঁরা নিজেদের সাধ্য মতো মনোনয়ন পাইয়ে দিতে ক্ষমতাবান নেতাদের সমর্থন পাওয়ার চেষ্টা চালিয়ে গেছেন শেষ মুহূর্ত পর্যন্ত। নিজেদের বায়োডাটা নিয়ে ধানমন্ডির ৩ নম্বরে দলীয় মনোনয়ন বোর্ডের অফিসের সামনে প্রার্থীদের অপেক্ষা করতে দেখা গেছে দিনের পর দিন। সকল জল্পনা কল্পনার অবসান ঘটবে আজ সকাল ১১ টায়।