আ.লীগের ২ গ্রুপের অস্তিত্বের লড়াই

বিশেষ প্রতিনিধি, বিজয় রায় ও এ আর জুয়েল
জেলার শিল্প সমৃদ্ধ এবং সবচেয়ে বড় উপজেলা ছাতকের ১৩ ইউনিয়নের মধ্যে কেবল একটি ইউনিয়ন ছাড়া ১২ ইউনিয়নেই বিএনপি’র প্রার্থী নিয়ে মাথা ব্যাথা নেই আওয়ামী লীগের প্রার্থীদের। আওয়ামী লীগ প্রার্থীদের সঙ্গে মূল প্রতিদ্বন্দ্বিতায় একটিতে জাপা, আরেকটিতে জামায়াত এবং অন্য ১০ টিতে প্রধান প্রতিদ্বন্দ্বি দলীয় বিদ্রোহীরা। বলতে গেলে পুরো উপজেলাজুড়েই আওয়ামী লীগের কর্মীরা দ্বিধাবিভক্ত। কোথাও বিদ্রোহী প্রার্থীকে নিয়ে একপক্ষ-অপরপক্ষের বিরুদ্ধে মাঠে নেমেছে। আবার যেখানে বিদ্রোহী নেই, সেখানে কৌশলে   বিএনপি-জামায়াত-জাপাকে জয়ের পথ তৈরি করে দেবার চেষ্টা করছেন মনোনয়ন বঞ্চিতরা।
ছাতক উপজেলায় দ্বিতীয় দফায় আগামী ৩১ মার্চ ইউপি নির্বাচন। জেলার ১৩ ইউনিয়নে আওয়ামী লীগ-বিএনপি, জামায়াত ও জাপা’র প্রার্থীরাসহ ৬৫ জন চেয়ারম্যান প্রার্থী, সাধারণ সদস্য পদে ৫২৮ প্রার্থী এবং সংরক্ষিত নারী আসনে ১২৪ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।
ছাতক উপজেলা আওয়ামী লীগ প্রায় ২০ বছর ধরে দ্বিধাবিভক্ত। স্থানীয় সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক একাংশের নেতা এবং ছাতক পৌরসভার মেয়র আবুল কালাম চৌধুরী ও তাঁর ভাই শামীম আহমদ চৌধুরী অপরাংশের নেতৃত্ব দিচ্ছেন। এই উপজেলায় দলীয় বিভক্তি এমন চরম পর্যায়ে রয়েছে যে, জাতীয় সংসদ থেকে স্থানীয় নির্বাচন একপক্ষ নৌকায় থাকলে অপরপক্ষ হয় বিদ্রোহী প্রার্থী নিয়ে মাঠে নামে, না হয় অন্য রাজনৈতিক দলের প্রার্থীকে কৌশলে সমর্থন দিয়ে নৌকার ভরাডুবি নিশ্চিত করে। এবারের ইউপি নির্বাচনেও এমনটাই হচ্ছে বলে জানিয়েছেন ছাতকের একাধিক ভোটার ও রাজনৈতিক কর্মী।
ছাতক সদর ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী ঘোষণা করা হয়েছে কালাম-শামীম সমর্থক সাইফুল ইসলামকে। এই ইউনিয়নে মূল প্রতিদ্বন্দ্বি হয়ে উঠেছেন বিদ্রোহী প্রার্থী মো. সেলিম মিয়া। কালারুকা ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী ঘোষণা করা হয়েছে কালাম-শামীম সমর্থক অদুদ আলমকে। এখানে বিদ্রোহী প্রার্থী হয়েছেন দলীয় নেতা আফতাব উদ্দিন, গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী ঘোষণা করা হয়েছে মুহিবুর রহমান মানিক সমর্থক সুন্দর আলীকে। এখানে দলীয় বিদ্রোহী প্রার্থী হয়েছেন আখলাকুর রহমান। সিংচাপইড় ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী ঘোষণা করা হয়েছে কালাম-শামীম সমর্থক সাহাব উদ্দিন সাহেলকে। এখানে বিদ্রোহী প্রার্থী হয়েছেন যুব লীগ নেতা মোজাহিদ আলী। জাউয়াবাজার ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী ঘোষণা করা হয়েছে মানিক সমর্থক নুরুল ইসলামকে, বিদ্রোহী প্রার্থী হয়েছেন দলীয় নেতা বশির আহমদ, রেজা মিয়া তালুকদার ও মুরাদ আহমদ। নোয়ারাই ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী ঘোষণা করা হয়েছে মানিক সমর্থক আফজাল আবেদীন আবুলকে, এই ইউনিয়নে বিদ্রোহী প্রার্থী হয়েছেন দেওয়ান আব্দুল খালিক। উত্তর খুরমা ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী ঘোষণা করা হয়েছে মানিক সমর্থক বিল্লাল হোসেনকে, এখানে বিদ্রোহী প্রার্থী হয়েছেন শামছুল ইসলাম খান। চরমহল্লা ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী ঘোষণা করা হয়েছে মানিক সমর্থক মুক্তিযোদ্ধা কদর আলীকে, এখানে বিদ্রোহী প্রার্থী হয়েছেন দলীয় নেতা আজাদ মিয়া ও সিরাজুল হক। ছৈলাআফজলাবাদ ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী ঘোষণা করা হয়েছে মানিক সমর্থক গয়াছ আহমদকে, এখানে বিদ্রোহী প্রার্থী হয়েছেন দলীয় নেতা আব্দুল খালিক।
বুধবার দিনভর ছাতকের বিভিন্ন ইউনিয়ন ঘুরে দেখা গেছে,‘আওয়ামী লীগের প্রার্থীরা বিএনপির বিরুদ্ধে তেমন কোন বক্তব্য দিচ্ছেন না। বরঞ্চ বিএনপি ও আওয়ামী লীগের ভোটার-সমর্থকদের মধ্যে সহমর্মিতা রয়েছে। যত বিরোধ আওয়ামী লীগে-আওয়ামী লীগে। অর্থাৎ দলের সমর্থিত প্রার্থী এবং দলের বিদ্রোহী প্রার্থীর মধ্যে’।
ছাতকের নোয়ারাই ইউনিয়ন আওয়ামী লীগের প্রার্থী বর্তমান চেয়ারম্যান মো. আফজাল আবেদীন আবুল বলেন,‘আমি কৃতজ্ঞ বাঙালির প্রাণপ্রিয় নেত্রী শেখ হাসিনার কাছে, তিনি আমাকে নৌকা প্রতীক দিয়েছেন, ভোটাররা এবং দলের সিংহভাগ কর্মীরাও আমার সঙ্গেই আছে, তবে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ডা. রেজওয়ানুল হক আরজু এবং ছাতক পৌরসভার মেয়র আবুল কালাম চৌধুরী ও তাঁর ভাই শামীম চৌধুরী তাঁদের লোক দিয়ে আমার বিরুদ্ধে, নৌকার বিরুদ্ধে প্রচারণা চালিয়েছেন’।
এই ইউনিয়নের আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী কালাম-শামীম সমর্থক হিসাবে পরিচিত দেওয়ান আব্দুল খালিক বলেন,‘বিগত ইউপি নির্বাচনে বর্তমান চেয়ারম্যান থেকে মাত্র ৪০০ ভোট কম পেয়ে আমি পরাজিত হয়েছিলাম, এই নির্বাচনে আমার নৌকা প্রতীক পাওয়ার কথা ছিল। দলীয় মনোনয়ন না পেয়ে আমি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছিলাম। আমার সমর্থকরা বললেন, নির্বাচন না করলে ভবিষ্যতে ভোটের জন্য আর আমাদের দুয়ারে দুয়ারে আপনি আসবেন না। আমি ভেবে দেখলাম দলের সিদ্ধান্ত কী হবে এটি ভেবে দেখবার বিষয় নয়, জনগণের কথা ভাবতে হবে, বার বার জনগণের কাছে যেতে হবে, এজন্যই স্বতন্ত্র প্রার্থী হয়েছি’।
ছাতক সদর ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাইফুল ইসলাম বলেন,‘উপজেলা পরিষদ চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল এবং স্থানীয় সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক বিভিন্নভাবে আর্থিক অনুদান, কাবিখা, কাবিটার কাজ দিয়ে আমার ভোট ব্যাংক তছনছ করে বিদ্রোহী প্রার্থীকে সহায়তা করছেন’।
এই ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী সেলিম মিয়া বললেন,‘আমি দলের বিদ্রোহী প্রার্থী নই, আমি স্বতন্ত্র প্রার্থী, আমার সঙ্গে সকল দলের নেতা-কর্মীরা আছেন। পৌরসভা থেকে বড় বড় গাড়ী নিয়ে আমার ভোটারদের বাড়ী বাড়ী গিয়ে প্রলোভন দেখানো হচ্ছে, ভয়ভীতি দেখানো হচ্ছে, আমি প্রশাসনের সহযোগিতা চাই, নিরপেক্ষতা চাই’।
একই সময়ে তাঁর সঙ্গে গণ-সংযোগে থাকা একজন সমর্থক অবশ্য বলেছেন,‘আমরা দল করি, মানিক ভাই-বকুল ভাইয়ের সমর্থক, আমাদের মনোনীত প্রার্থীকে মনোনয়ন না দেওয়ায় আমরা বিদ্রোহী প্রার্থীর সঙ্গে আছি’।
চরমহল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি শামছুদ্দিন বললেন,‘আমাদের সঙ্গে আওয়ামী লীগের প্রার্থী কিংবা দলের সমর্থকদের কোন বিরোধ নেই, তারাও আমাদের প্রচার-প্রচারণায় বাধা দিচ্ছে না, আমরা মিলে মিশেই প্রচারণা চালাচ্ছি। তবে আওয়ামী লীগের প্রার্থীদের সকল দ্বন্দ্ব-বিবাদ তাদের দলীয় বিদ্রোহী প্রার্থীর সঙ্গে’।
অবশ্য. এই ইউনিয়নের বিএনপি মনোনীত প্রার্থী আবুল হাসনাত বলেন, ‘সরকারদলীয় প্রার্থী কৌশলে ৭ নম্বর ওয়ার্ডে আমাকে উঠোন বৈঠক করতে দেননি। আমাদের ভোটাররা শঙ্কিত আছে ভোট নিরপেক্ষ হবে কী-না, নিরপেক্ষ ভোট হলে আমি ইনশাল্লাহ্ জিতবো’।
নোয়ারাই ইউনিয়ন আওয়ামী লীগের নেতা ফারুক আহমদ খাঁন বলেন,‘তাদের নেতা কর্মীদের সঙ্গে আমাদের ভাল সম্পর্ক আছে, সকল সমস্যা বিদ্রোহী প্রার্থীর সঙ্গে’।
ছাতক আওয়ামী লীগের একাংশের নেতা শামীম চৌধুরী বলেন,‘আমাদেরকে ১৩ টি ইউনিয়নের মধ্যে দলীয় সভানেত্রী ৩ টি ইউনিয়নে প্রার্থী দিয়েছেন। এই ৩ ইউনিয়নেই স্থানীয় সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক এবং তাঁর সমর্থক উপজেলা পরিষদ চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল প্রার্থী দিয়েছেন এবং নৌকার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতাকারীদের ভোট দেবার জন্য বলে দিচ্ছেন’। অন্য ১০ ইউনিয়নে আপনারা নৌকার বিরোধিতা করছেন, এমন অভিযোগের জবাবে শামীম বলেন,‘আমরা কোথাও বিদ্রোহী প্রার্থী দেইনি’।
ছাতক উপজেলা পরিষদ চেয়ারম্যান মুহিবুর রহমান মানিকের সমর্থক অলিউর রহমান চৌধুরী বকুল বলেন,‘বিদ্রোহী কিসের? আমরা আওয়ামী লীগের প্রার্থীর পক্ষেই আছি, আগামী ৩১ মার্চ ছাতকের সব কয়টি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীদের মুজিবকোর্ট পড়িয়ে দেবার অপেক্ষায় আছি আমরা। ছাতকের সব কয়টি ইউনিয়নেই মুহিবুর রহমান মানিকের শক্তিশালী অবস্থান, এখন নির্বাচনে কেউ প্রার্থী হলেই মুহিবুর রহমান মানিক করিয়েছেন এটা বলা ঠিক হবে না, আমরা আওয়ামী লীগের প্রার্থীদের জয় নিশ্চিত করণের চেষ্টা করছি’।