আকরাম উদ্দিন
সুনামগঞ্জ সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী আবুল কালাম আজাদের কর্মী-সমর্থকদের ওপর আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী ও তাঁর লোকজন হামলা চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পাঁচজন আহত হয়েছেন।
আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী আবুল কালাম আজাদ জানান, শুক্রবার সন্ধ্যায় ইউনিয়নের বনগাঁও বাজারে তাঁর নির্বাচনী সভা ছিল। সভা শেষে বাড়ি ফেরার পথে বাজারের ভেতরেই তাঁর কর্মী-সমর্থকদের ওপর হামলা চালান ওপর চেয়ারম্যান প্রার্থী আবদুল করিম ও তাঁর লোকজন। এতে পাঁচজন আহত হন। আহতদের মধ্যে ফারুক মিয়াকে (২২) সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ছাড়া আহত আবদুল হাসিম, চান্দ আলী, আমজদ আলী, ফয়েজ মিয়াকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এ ঘটনায় শনিবার স্থানীয় হাসাউড়া গ্রামের রাজু মিয়া বাদী হয়ে সদর মডেল থানায় সাতজনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন।
আবুল কালাম আজাদ বলেন, সভা শেষে বাড়ি ফেরার পথে আবদুল করিম ও তার লোকজন পূর্বপরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছেন। পরে তারা সভাস্থলে গিয়ে চেয়ার ভাংচুর করেছেন। তাঁর অভিযোগ, আবদুল করিম তাঁর কর্মী-সমর্থকদের নানাভাবে হুমকি দিচ্ছেন। নির্বাচনী কাজে বাধা দিচ্ছেন।
চেয়ারম্যান প্রার্থী আবদুল করিম জানান, নির্বাচনী সভায় আবুল কালাম উলেখ করেন, তিনি বনগাঁও উচ্চবিদ্যালয়ের উন্নয়নে পাঁচ লাখ টাকা দিয়েছেন। অথচ তিনি এই প্রতিষ্ঠানের সভাপতি এবং এই টাকার বিষয়ে কিছুই জানেন না। তিনি বলেন, ‘ওই টাকা দেয়ার বিষয়ে আমার লোকজন কালামের লোকজনের কাছে জানতে চাইলে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। কোনো হামলা বা মারামারির ঘটনা ঘটেনি। এখন এটা সাজানো হয়েছে।’
সুনামগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. মাসুক আলী বলেছেন, ‘আমরা অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’


