ইউএনও’র ডাকে জরুরি সভায় সাড়া দেয়নি বাঁধের ঠিকাদাররা

আমিনুল ইসলাম, তাহিরপুর
তাহিরপুরে বোরো ফসল রক্ষায় উপজেলা নির্বাহী অফিসারের আহবানে হাওর সংক্রান্ত জরুরি সভায় সাড়া দেয়নি পানি উন্নয়ন বোর্ড (পাউবোর) ঠিকাদাররা।
রবিবার বিকাল ৪টায় তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে তাহিরপুর উপজেলায় ফসল রক্ষা বাঁধে নিয়োজিত পানি উন্নয়ন বোর্ডের ঠিকাদারদের উপস্থিতিতে জরুরি সভার তারিখ ধার্য্য ছিল। কিন্তু ওই সভায় কোন ঠিকাদার যোগ দেননি।
সভায় তাহিরপুর থানার ওসি নন্দন কান্তি ধর, পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী রঞ্জন কুমার দাস, উপ সহকারী প্রকৌশলী শাহ আলম, তাহিরপুর সদর ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন, বালিজুড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল জহুর, দক্ষিণ বড়দল ইউপি চেয়ারম্যান আজহার আলী ও শ্রীপুর    উত্তর ইউনিয়নের চেয়ারম্যান খসরুল আলম ছাড়া কোন ঠিকাদার উপস্থিত ছিলেন না।
সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী শাহ আলম বলেন, ‘জরুরী সভায় কোন ঠিকাদার উপস্থিত হয় নাই। তবে ৪ জন ইউপি চেয়ারম্যান ও অধিকাংশ প্রকল্প চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।’
জরুরি সভায় উপস্থিত তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বোরহান উদ্দিন বলেন, ‘সভাটি মূলত পানি উন্নয়ন বোর্ডের ঠিকাদারদের নিয়ে হওয়ার কথা ছিল। আমরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসাবে সভায় উপস্থিত ছিলাম। ঠিকাদাররা সভায় অনুপস্থিত থাকার বিষয়টি সরকারের উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করার জন্য আমরা ইউএনও মহোদয়কে অনুরোধ করেছি।’
শ্রীপুর উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খসরুল আলম বলেন,‘তাহিরপুর উপজেলার শনি, মাটিয়ায়ান, মহালিয়া ও গুরমা বর্ধিত অংশ আফর বাঁগুলোতে ঠিকাদার কর্তৃক এখন পর্যন্ত কোন কাজ না হওয়ায় হাওরপাড়ের কৃষকরা শঙ্কিত আছেন।’
তাহিরপুর থানার ওসি নন্দন কান্তি ধর বলেন, ‘ফসল রক্ষা বাঁধ সংক্রান্ত জরুরি সভায় পানি উন্নয়ন বোর্ডের কোন ঠিকাদার হাজির হয়নি। এ জন্য পরবর্তী সভা আহবান করার জন্য সভায় আলোচনা করা হয়েছে।’
তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘আমাদের সভা হয়েছে তবে পাউবোর ঠিকাদাররা অনুপস্থিত ছিলেন।’