ইউনিয়ন পরিষদ নির্বাচনে নারীদের অংশগ্রহণ হতাশাজনক

চার উপজেলায় ইউপি চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়নপত্র দাখিলকারী ১৬২ প্রার্থীর মধ্যে মাত্র এক জন মহিলা। এর আগে অনুষ্ঠিত চার উপজেলার নির্বাচনে চেয়ারম্যান পদে কোন মহিলা চেয়ারম্যান প্রার্থী ছিলেন না। ওই চার উপজেলার নির্বাচনে সদর উপজেলার গৌরারং ইউনিয়নে সাধারণ সদস্য পদে কেবল একজন নারী প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হয়েছিলেন। তৃণমূলে নারী ক্ষমতায়নের এমন হতাশাজনক চিত্রই ফুটে উঠেছে। এই চিত্র শুধু সুনামগঞ্জ জেলার নয়। সাধারণভাবে পুরো দেশের চিত্র একই রকমের। নারীদের জন্য সংরক্ষিত আসনগুলো বাদে অন্যত্র যেন নারীদের অংশগ্রহণ কঠোরভাবে নিষিদ্ধ করে রাখা হয়েছে। আমরা দেশের নারীচিত্র পর্যালোচনার সময় যখন প্রধানমন্ত্রী থেকে শুরু করে স্পিকার, বিরোধী নেত্রী, সংসদীয় বিরোধী নেত্রী, নারী বিচারপতি, নারী সচিব কিংবা নারী জেলা প্রশাসক ও পুলিশ সুপারের উদাহরণ সামনে এনে তৃপ্তির ঢেকুর তুলতে চাই তখন যেকোন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারীদের লিঙ্গচিত্রের পরিসংখ্যান সামনে আসলে ওই তৃপ্তি গভীর হতাশায় পরিণত হয়। আমাদের পুরুষতান্ত্রিক মন মানসিকতা যে এখন পর্যন্ত সিদ্ধান্তগ্রহণ পর্যায়ে নারীদের অধিষ্ঠান ভাল চোখে দেখে না সেটি তখন সপ্রমাণিত হয়ে যায়। সত্যিকার অর্থে নারীচিত্রের উন্নয়ন ঘটাতে চাইলে ওই জায়গায় ইতিবাচক পরিবর্তনের সূচনা ঘটাতে হবে। নারী জনসংখ্যা দেশের মোট জনসংখ্যার অর্ধেক। শিক্ষায় মেয়েরা অনেক ক্ষেত্রে ছেলেদের চাইতে এগিয়ে। কর্মক্ষেত্রে নারীদের ব্যাপক অংশগ্রহণ রয়েছে। নারীরা সর্বত্র নিজেদের যোগ্যতার পরিচয় তুলে ধরতে সক্ষম হয়েছে। কিন্তু যখনই কর্তৃত্বের প্রশ্ন সামনে আসে তখনই নানা ছলচাতুরি করে নারীদের হীন অবস্থায় ঠেলে দেয়া হয়। রাজনৈতিক দলগুলো যেমন নারীদের মনোনয়ন দিতে উৎসাহ বোধ করেন না তেমনি অপরাপর সামাজিক সংগঠনগুলোও একই ধরনের উদাসীনতা দেখিয়ে চলেছে।
প্রতিকূল পরিবেশ মোকাবিলা করে যেসব নারী পুরুষদের সাথে সমান তালে লড়ে নিজের জায়গা করে নিতে চায় তখন দেখা যায় তারা শক্ত সামাজিক অনুশাসন ও বাধাবিপত্তির সন্মুখিন হন। সমাজ তাকে তখন নারী বলে অচ্যুত করে দিতে চায়। নারীর স্থান ঘরের ভিতরে, বাইরে নয়- এমন কূপম-ুক বুলি আওরিয়ে তাকে পিছনে ঠেলে দেয়া হয়। তার পরেও বিভিন্ন স্থানে সংগ্রামী নারীরা নিজেদের অবস্থান নিজেরাই তৈরি করে নিচ্ছেন। যেমন নিযেছেন গৌরারং ইউনিয়নের জাহানারা। তিনি যেখানে অনায়াসে সংরক্ষিত নাী সদস্য আসনের তিনটি ওয়ার্ডের বিশাল কর্মএলাকায় প্রতিদ্বন্দ্বিতা করে জিতে আসতে পারতেন সেখানে তিনি ওই সহজ পথ না মাড়িয়ে ১টি মাত্র ওয়ার্ডে প্রবল প্রতাপশালী পুরুষ প্রতিদ্বন্দ্বিদের সাথে প্রতিযোগিতা করে বিজয় ছিনিয়ে এনেছেন। এমন সাহসী নারী নিশ্চয়ই অভিনন্দন পাওয়ার যোগ্য। একই সাহস দেখিয়েছেন তাহিরপুর সদর ইউনিয়নে ফাহমিদা পাঠান নামক এক নারী। আমাদের বিশ্বাস তিনি স্বামী কিংবা পিতার পরিচয় ব্যবহার করে এই লড়্ইায়ে নামেননি। বরং নিজ যোগ্যতা বলেই তিনি স্থানীয় সরকারের এই গুরুত্বপূর্ণ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বলে মনে করি। তাঁকেও আমরা বিপুলভাবে অভিনন্দন জানাই।
নারীদের পুরুষ স্বজনের পরিচয়ে পরিচিত হওয়ার জায়গা থেকে উঠে এসে নিজেদের পরিচয়ের জয়পতাকা উড়ানোর সময় এসেছে এখন। তাদেরকে এই জায়গায় আসতে হবে নিজেদের প্রচেষ্টায়ই। কোন বিশেষ কোটা কিংবা সুযোগ নয় সকলের সাথে খোলা প্রতিযোগিতার মাধ্যমে নিজের স্থান দখল করতে হবে। তখনই কেবলমাত্র সমাজের পুরুষতান্ত্রিক আভিজাত্যের দেয়াল আস্তে আস্তে খসে পড়বে। জাহানারা-ফাহমিদারা যেভাবে এগিয়ে আসছেন তাতে মনে আশা জাগে নারীরা এখন শুধু জনসংখ্যার অর্ধেক হয়েই ঘরের কোণে আটকে থাকবে না। ঘরে-বাইরে সব জায়গাই নারীর কোমল ও দায়িত্বশীল নেতৃত্বে আলোকিত হবে। জয়হোক নারী জাগরণের।