বিন্দু তালুকদার
জামালগঞ্জে ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির দলীয় মনোনয়ন ফরম বিতরণ করা হয়েছে। রবিবার ও সোমবার উপজেলার ৬টি ইউনিয়নের ১৮ জন নেতা উপজেলা বিএনপির সভাপতি-সাধারণ সম্পাদকের কাছ থেকে দলীয় মনোনয়ন সংগ্রহ করেন।
প্রতিটি মনোনয়ন ফরম ৫ হাজার টাকায় বিক্রি করা হয়েছে বলে জানিয়েছেন একাধিক সংগ্রহকারী। ফরম আদায়ের টাকা ইউনিয়ন পর্যায়ে সভার আয়োজেন ব্যয় করা হবে জানিয়েছেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মালিক।
দলীয় সূত্র জানায়, জামালগঞ্জ সদর ইউনিয়নে মনোনয়ন সংগ্রহ করেছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শামছুল আলম তালুকদার ঝুনু মিয়ার ছেলে ও সদর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ফয়জুল আলমের ভাতিজা বিএনপি নেতা সাজ্জাদ মাহমুদ তালুকদার সাজিব, ইউনিয়ন বিএনপির সভাপতি সফিকুর রহমান ও উপজেলা ছাত্রদলের সহ সভাপতি জুয়েল আহমদ। সদরে তিনজন প্রার্থী মনোনয়ন সংগ্রহ করলেও নবগঠিত উত্তর ইউনিয়নে একক প্রার্থী হিসাবে মনোনয়ন সংগ্রহ করেছেন উত্তর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বর্তমান ইউপি সদস্য আলী আক্কাছ মুরাদ। সাচনাবাজার ইউনিয়নে মনোনয়ন সংগ্রহ করেছেন প্রাক্তন ইউপি চেয়ারম্যান আব্দুস সোবহান আফিন্দীর ছেলে উপজেলা বিএনপির সভাপতি ও প্রাক্তন চেয়ারম্যান নূরুল হক আফিন্দীর ভাতিজা সাংবাদিক ইঞ্জিনিয়ার গোলাম রব্বানী আফিন্দী, বিএনপি নেতা সাবেক ইউপি সদস্য নজির আলী ও মাসুক মিয়া। ফেনারবাঁক ইউনিয়নের মনোনয়ন সংগ্রহ করেছেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান আজাদ হোসেন বাবলু ও উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি জুলফিকার চৌধুরী রানা। বেহেলী ইউনিয়নে মনোনয়ন সংগ্রহ করেছেন বিএনপি নেতা নূর উদ্দিন, ধন মিয়া ও মকসুদ আলী। ভীমখালী ইউনিয়নে মনোনয়ন সংগ্রহ করেছেন জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাংগঠনিক সম্পাদক অ্যাড. শাহীনুর রহমান শাহীন, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবু বক্কর সিদ্দিকি, বিএনপি নেতা সাংবাদিক আখতার হোসেন, মদরছি আলী, দুলাল মিয়া, ফরিদ মিয়া ও আব্দুল খালিকসহ ৭ জন।
আগামী ১৭ এপ্রিল থেকে মনোনয়ন সংগ্রহকারী সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী বাচাই করতে পর্যায়ক্রমে সব ইউনিয়নে তৃণমূলের নেতাকর্মীদের নিয়ে বর্ধিত সভার আয়োজন করা হবে। ১৭ এপ্রিল বেহেলী ইউনিয়নে, ১৯ এপ্রিল জামালগঞ্জ সদর ও উত্তর ইউনিয়ন, ২০ এপ্রিল সাচনাবাজার, ২১ এপ্রিল ফেনারবাঁক ও ২২ এপ্রিল ভীমখালী ইউনিয়নে স্থানীয় তৃণমূলের বিএনপি নেতাকর্মীদের সাথে বসবেন স্থানীয় ইউনিয়ন ও উপজেলা কমিটির নেতৃবন্দ। পরে ইউনিয়ন কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক এবং উপজেলা কমিটির সভাপতি-সাধারণ সম্পাদক দলীয় প্রার্থী বাছাই করবেন।
উপজেলা বিএনপির সভাপতি নূরুল হক আফিন্দী ও সাধারণ সম্পাদক আব্দুল মালিক বলেন,‘১১ এপ্রিল সোমবার পর্যন্ত উপজেলার ৬টি ইউনিয়নে ১৮ জন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। আগামী ১৭ তারিখ থেকে তৃণমূল পর্যায়ে সভা করে মতামত ও প্রার্থী যাচাই-বাচাইয়ের কাজ শুরু হবে। ২২ তারিখের পর প্রার্থী চূড়ান্ত করা হবে। ’


