ইউপিতে মনোনয়নে অনিয়ম হলে ব্যবস্থা: ওবায়দুল কাদের

সু.খবর ডেস্ক
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দলীয় প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে কোনো রকম অনিয়মের সত্যতা পাওয়া গেলে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তবে এ ক্ষেত্রে বিভিন্ন অভিযোগের সত্যতা কতটুকু তা যাচাই করা হচ্ছে বলেও জানান তিনি। শুক্রবার সকালে ফেনী সার্কিট হাউসে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে মন্ত্রী এ কথা বলেন।
তিনি বলেন, ‘নির্বাচন কমিশন স্বাধীন ও কর্তৃত্বপরায়ণ ভূমিকা পালন করছে। এমনকি ফেনীতে একজন উপজেলা চেয়ারম্যান ও শেরপুরে একজন পৌর মেয়রকে বরখাস্তও করা হয়েছে। এ ছাড়া দু’জন সংসদ সদস্যকে নির্বাচনী এলাকা থেকে বহিষ্কার করা হয়েছে। একজন পুলিশ সুপারসহ কয়েক ডজন পুলিশ কর্মকর্তাকে কমিশনে তলব করা হয়েছে। সরকার ও সরকারি দল এ ক্ষেত্রে কোনো হস্তক্ষেপ করেনি।’
ইউপি নির্বাচন নিয়ে বিএনপির অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, ‘এবারই প্রথম দলীয় প্রতীকে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এতে কমিশনের কিছু সীমাবদ্ধতা থাকতে পারে। কিন্তু বিএনপি যেসব অভিযোগ করছে, তা আদৌ সত্য নয়। তারা এখন নালিশ-নির্ভর প্রেস ব্রিফিংয়ের দলে পরিণত হয়েছে।’
আওয়ামী লীগের আসন্ন কাউন্সিল প্রসঙ্গে তিনি বলেন, ‘আগামী কাউন্সিল অধিবেশনে দলের গঠনতন্ত্রে আমূল পরিবর্তনের মাধ্যমে সঞ্চালিত করা হবে নতুন রক্ত।  নেতৃত্বে আসবে নতুন মুখ।’
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আমিন উল আহসান, পুলিশ সুপার রেজাউল হক, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক এনামুল হক, অতিরিক্ত পুলিশ সুপার সামছুল আলম সরকার, ফেনী সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান, ফেনী পৌর প্যানেল মেয়র স্বপন মিয়াজী প্রমুখ।