ইউপি কার্যালয়ে শালিস বৈঠকে গৃহবধুকে লাঞ্ছিত

স্টাফ রিপোর্টার
পাওনা টাকা আদায় ও পারিবারিক বিরোধের জের ধরে সদর উপজেলার মোহনপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত শালিস বৈঠকে এক গৃহবধুকে লাঞ্ছিত করেছেন এক ইউপি সদস্যও তার স্বজনরা। শনিবার সন্ধ্যার পর জয়নগর বাজারের মোহনপুর ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ে এই ঘটনা ঘটে।
ঘটনার সময় ইউপি চেয়ারম্যান মো. নূরুল হক উপস্থিত ছিলেন বলে জানা গেছে। আহত ওই গৃহবধু স্থানীয়ভাবে চিকিৎসা নেওয়ার পর রাতে সদর হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ঘটনায় নির্যাতিতা নারী মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মোহনপুর গ্রামের এক প্রবাসীর স্ত্রীর সাথে ধান কেনার পাওনা টাকা নিয়ে স্থানীয় ইউপি সদস্য রইছ মিয়ার বিরোধ চলছিল। এর জের ধরে বৃহস্পতিবার ওই মহিলার সাথে ৫ নং ওয়ার্ডের সদস্য মো. রইছ মিয়ার কথা কাটাকাটি হয়। এ ঘটনায় শনিবার মোহনপুর          
ইউনিয়ন পরিষদ কার্যালয়ে শালিস বৈঠক আহ্বান করা হয়।
চেয়ারম্যান মো. নূরুল হকের সভাপতিত্বে অনুুষ্ঠিত শালিস বৈঠকে ইউনিয়ন পরিষদের প্রতিনিধিবৃন্দসহ স্থানীয় লোকজনও উপস্থিত ছিলেন। শালিস বৈঠকে কথা কাটাকাটির জের ধরে হঠাৎ ইউপি সদস্য মো. রইছ মিয়া উত্তেজিত হয়ে ওই মহিলাকে কিলঘুষি দিতে থাকেন। এক পর্যায়ে তার ছেলেও শ্যালক মহিলাকে বেধড়ক মারধর করে। পরে ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য সামছুন নুরসহ স্থানীয়রা ওই গৃহবধুকে উদ্ধার করে জয়নগর বাজারে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাতে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় নির্যাতিতা নারী থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানান।
শনিবার রাত সাড়ে ৯ টায় ওই নির্যাতিতা নারী দৈনিক সুনামগঞ্জের খবরকে বলেন, ‘রইছ মিয়া মেম্বার আমার কাছে ধানের টাকা পেত। আমি কিছু টাকা দিয়েছি, কিছু বাকী রয়েছে। বলেছি তাড়াতাড়ি দিয়ে দিব। গত বৃহস্পতিবার আমার সাথে খারাপ আচরণ করেছে। শনিবার সন্ধ্যায় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে শালিস চলাকালীন সময়ে রইছ মিয়া, তার ছেলে ও আত্মীয়রা আমাকে মারধর করেছে। পরে আমার দুই ছেলেকেও মারধর করেছে। এখন হাসপাতালে চিকিৎসা নিতে এসেছি। আমি মামলা দায়ের করব। ’
নির্যাতিতা মহিলাকে সদর হাসপাতালে নিয়ে আসা ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য সামছুননুর বলেন, ‘রইছ মিয়া মেম্বার সাব মারধর করেনি। তার পক্ষ নিয়ে তার শ্যালক অজুদ মিয়া মহিলাকে মারধর করেছে।’
অভিযুক্ত ইউপি সদস্য মো. রইছ মিয়া বলেন,‘ এই মহিলা আমার ফুফাতো ভাইয়ের স্ত্রী। তবে তার স্বভাব ভাল নয়, শ্বাশুরিকে ঘর থেকে বের করে দিয়েছে। তার কাছে আমি ৫০ হাজার টাকা পাব। টাকার তাগিদ দিলেই খারাপ আচরণ করে। শনিবার বিচার চলাকালীন সময়ে আমার স্ত্রীর সম্পর্কে খারাপ কথা বলায় আমার শ্যালক অজুদ মিয়া তাকে একটা থাপ্পর দিয়েছে। অন্য কেউ মারধর করেনি। তার অন্য সব অভিযোগ সাজানো ও মিথ্যা। ’
ইউপি চেয়ারম্যান মো. নূরুল হক বলেন,‘শালিস বৈঠকে হঠাৎ উত্তেজিত হয়ে ওই মহিলা রইছ মেম্বারের স্ত্রীর সম্পর্কে খারাপ কথা বলায় মেম্বারের শ্যালক একটি থাপ্পর দিয়েছে। তাৎক্ষণিকভাবে ঘটনার সমাধান করে দেয়া হয়েছে। সবাই মিলে মারধর করেছে এটা সঠিক নয়।’
সদর থানার ওসি হারুনুর রশিদ বলেন, ‘এধরনের কোন অভিযোগ পাওয়া যায়নি। খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’