ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

শান্তিগঞ্জ অফিস
নানা অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগে শান্তিগঞ্জ উপজেলার দরগাপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছুফি মিয়ার বিরুদ্ধে অভিযোগ দিয়েছেন ৬ ইউপি সদস্য। গত সোমবার দুপুরে শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার উজ জামান বরাবর এই লিখিত অভিযোপত্র দেন তারা।
অভিযোগকারী ইউপি সদস্য সুমন মিয়া, শাহজাহান মিয়া, গোলাম কিবরিয়া, সদস্যা মরিয়ম বেগম, লোভা রানী দাস ও সুহেনা বেগম বলেন, তাদের সাথে কোনো প্রকার আলোচনা বা সমন্বয় না করে এককভাবে সিদ্ধান্ত নিয়ে স্বেচ্ছাচারিতা করছেন চেয়ারম্যান ছুফি মিয়া। তার বিরুদ্ধে দ্রুত তদন্ত করে ব্যবস্থা নেয়ার আহবান জানান তারা।
অভিযোগ সূত্রে জানা যায়, চেয়ারম্যান সুফি মিয়া টিআর কাবিখাসহ বিভিন্ন প্রকল্প থেকে অভিযোগকারীদের বঞ্চিত করে গুটি কয়েক ইউপি সদস্যদের নিয়ে পরস্পর যোগসাজসে প্রকল্প পাশ করে আত্মসাৎ করে স্বেচ্ছাচারিতা করে আসছেন। এমনকি তাদেরকে মাসিক সভায় অবগত না করে পরবর্তীতে রেজুলেশন করার জন্য সাদা রেজিস্ট্রারে স্বাক্ষর আদায় করে আসছেন। তারা প্রতিবাদ করলে ইউপি চেয়ারম্যান সুফি মিয়া তাদেরকে ইউনিয়ন পরিষদ থেকে বের করে দেয়ার হুমকি দেন।
এছাড়াও অভিযোগপত্রে আরও উল্লেখ করা হয়, চেয়ারম্যান সুফি মিয়া টিআর কাবিখা/ কাবিটা এলজিএসপি প্রকল্প নামমাত্র কাজ করে অর্থ আত্মসাৎ ও অভিযোগকারী ইউপি সদস্য-সদস্যাদের ওয়ার্ডের জনগণকে নাগরিকত্ব সনদপত্র, উত্তরাধীকারি সনদপত্র ও জন্ম মৃত্যু নিবন্ধন সনদপত্র দিতে হয়রানি করছেন।
এছাড়াও জরুরী ভিত্তিতে কম্পিউটার ক্রয়ের জন্য ১ লক্ষ ২০ হাজার টাকা বরাদ্দ হলেও ইউপি চেয়ারম্যান মো. সুফি মিয়া পুরো টাকা আত্মসাৎ করেছেন। ১, ২, ৩ নং ওয়ার্ডের ৩টি কর্মসৃজন প্রকল্প ওই ইউপি সদস্য-সদস্যাদের অবগত না করে নিজ দায়িত্বে কাজ শুরু করেন এবং সম্পূর্ণ প্রকল্প বাস্তবায়ন না করে অর্থ আত্মসাৎ করেন।
দরগাপাশা ইউপি চেয়ারম্যান ছুফি মিয়া বলেন, আমার বিরুদ্ধে সদস্যদের অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ভিত্তিহীন ও ষড়যন্ত্রমূলক।
শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. আনোয়ার উজ জামান বলেন, বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।