ইউপি চেয়ারম্যানের মৃত্যুর ঘটনায় জড়িতদের শাস্তি দাবি

দিরাই প্রতিনিধি
দিরাই উপজেলার রাজানগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সৌম্য চৌধুরীর মৃত্যুর ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানানো হয়েছে। সোমবার বেলা ১১টায় উপজেলা আইন শৃংখলা কমিটির মাসিক সভায় এই দাবি জানান জনপ্রতিনিধিরা।
উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আইন শৃংখলা কমিটির সভায় সভাপতিত্ব করেন ইউএনও মাহমুদুর রহমান মামুন। সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মঞ্জুর আলম চৌধুরী, ভাইস চেয়ারম্যান মোহন চৌধুরী, জগদল ইউপি চেয়ারম্যান হুমায়ুন রশিদ লাভলু, রাজানগর ইউপি চেয়ারম্যান জহিরুল ইসলাম জুয়েল প্রমুখ।
সভায় ইউএনও মাহমুদুর রহমান মামুন বলেন, এ বিষয়ে আইজিপি মহোদয় ওসি সাহেবকে ফোন দিয়েছেন, বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। ইতোমধ্যে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে পাঁচজনকে অভিযুক্ত করে তার স্ত্রী ইলা চৌধুরী থানায় মামলা করেছেন। মামলার আসামিরা হলেন, পৌরসভার আনোয়ারপুর গ্রামের আকবুল মিয়ার ছেলে সুদখোর হাবিবুর রহমান হবু, দোওজ গ্রামের আলাউদ্দিনের ছেলে জসিমউদ্দিন, রাজানগর গ্রামের সুরেন্দ্র দাসের ছেলে স্বজন দাস, রামকুমার দাসের ছেলে পুতুল দাস ও কালি চরণ দেবনাথের ছেলে অসিত দেবনাথ গং।
ওসি কাজী মোক্তাদির হোসেন জানান, আসামী গ্রেফতারে পুলিশি অভিযান জোরদার করা হয়েছে।