ইজতেমা নিয়ে দু’পক্ষের উত্তেজনা

স্টাফ রিপোর্টার
বিশ্বম্ভরপুরে ১৩, ১৪ ও ১৫ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া ইজতেমা নিয়ে উত্তেজনা দেখা দিয়েছে। শনিবার সকালে ইজতেমার বিরোধীতা করে জেলা ইমাম মুয়াজ্জিন পরিষদ মানববন্ধনের আয়োজন করে। পরে প্রশাসনের আশ্বাসে মানববন্ধন প্রত্যাহার করেন সংগঠনের নেতৃবৃন্দ। তবে ১১ জানুয়ারির ভেতর বিশ্বম্ভরপুরের কারেন্টের বাজারস্থ ইজতেমার মাঠে পেন্ডেল ভাঙা না হলে ১৪-১৫ জানুয়ারি একই জায়গায় পাল্টা কর্মসূচি দেয়ার কথা জানিয়েছেন তারা।
আগামী ১৩ থেকে ১৫ জানুয়ারি বিশ্বম্ভরপুরে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৩ দিনব্যাপী ইজতেমা। ইতিমধ্যে ইজতেমার আয়োজকরা নিজেদের থাকার জন্য কারেন্টের বাজারের পাশের মাঠে অস্থায়ী ঘর নির্মাণ করেছেন। সেখান থেকে আয়োজনের প্রস্তুতি নিচ্ছেন তারা।
এদিকে ৩ দিনব্যাপী এই ইজতেমার বন্ধের দাবি জানিয়েছে সুনামগঞ্জ ইমাম মুয়াজ্জিন পরিষদ। তারা বলছেন, ‘ভ্রান্ত আকিদার বিশ^াসী সাদপন্থীরা সুনামগঞ্জ জেলার কোথাও ইজতেমা করতে দেয়া হবে না।’
শনিবার (৯ জানুয়ারি) সকালে ইমাম মুয়াজ্জিন পরিষদ পরিষদের ডাকা মানববন্ধনের জন্য শহরে আইনশৃঙ্খলা বাহিনী ছিলো তৎপর। আলফাত স্কয়ারে আগে থেকেই অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়। অপরদিকে পূর্ব বাজার জামে মসজিদে জমায়েত হচ্ছিলো ইমাম মুয়াজ্জিন পরিষদের নেতাকর্মীরা। মানববন্ধনের নির্ধারিত সময় পার হওয়ার পর ৭ সদস্যের প্রতিনিধি দল পুলিশ সুপার কার্যালয়ে গিয়ে দেখা করেন। সেখান থেকে ফিরে ১১ জানুয়ারি পর্যন্ত কর্মসূচি স্থগিতের ষোষণা দেন সংগঠনের শীর্ষ নেতারা।
সুনামগঞ্জ ইমাম মুয়াজ্জিন পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা আব্দুর রকিব বলেন, ভ্রান্ত আকিদার বিশ^াসী সাদ পন্থীদের সুনামগঞ্জ জেলার কোথাও ইজতেমা করতে দেয়া হবে না। এজন্য আমরা প্রশাসনের কাছে দাবি জানিয়েছিলাম তাদেরকে অনুমতি না দেয়ার জন্য। আমরা প্রতিবাদ জানিয়ে মানববন্ধনের ডাক দিয়েছিলাম। কিন্তু প্রশাসনের আশ^াসে ১১ জানুয়ারি পর্যন্ত আমাদের সকল কর্মসূচি স্থগিত করেছি। ১১ তারিখের ভেতর যদি বিশ^ম্ভরপুরে ইজতেমার পেন্ডেল ভাঙা না হয় তাহলে ১৩, ১৪ জানুয়ারি বিশ^ম্ভরপুরের কারেন্টের বাজারে ইমাম মুয়াজ্জিন পরিষদসহ সম্মিলিত আলেম ওলামায় কেরামদের নিয়ে অবস্থান কর্মসূচি পালন করবো। সেখানে তাদেরকে প্রতিরোধ করা হবে।
বিশ^ম্ভরপুরে ইজতেমার আয়োজকদের মধ্যে একজন (নাম না ছাপার অনুরোধ জানান) বললেন, আমরা প্রশাসনের কাছে ইজতেমা আয়োজনের অনুমতি চেয়ে আবেদন করেছি কয়েকদিন আগে। এখনও প্রশাসন অনুমতি দেয় নি। করোনার প্রকৌপ বৃদ্ধি বিবেচনা করে অনুমতি দেওয়া না দেওয়া নির্ভও করছে জানিয়েছে প্রশাসন। প্রশাসনের অনুমতি না পেলে ইজতেমা স্থগিত করা হবে জানিয়েছেন তিনি।
সুনামগঞ্জ পুলিশ সুপার মো. মিজানুর রহমান বললেন, দেশে করোনা বাড়ছে। গণ জমায়েতের বিষয়ে সরকারি সিদ্ধান্তের উপর নির্ভর করছে অনুমতি দেওয়া না দেওয়া। সেই সিদ্ধান্তের অপেক্ষা করছি আমরা।