ইজিবাইক চলতে দেবার দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার
ইজিবাইক চালিয়ে জীবিকা নির্বাহ চলমান রাখার দাবিতে মানববন্ধন করেছে সুনামগঞ্জ ইজিবাইক মালিক শ্রমিক ঐক্য পরিষদ। মঙ্গলবার দুপুরে শহরের আলফাত স্কয়ারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সুনামগঞ্জ ইজিবাইক মালিক শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি মো. সোহেল আহমেদ বলেন, ২০১৭ সালে সুনামগঞ্জের ইজিবাইকের চলাচলের উপর হাইকোর্টের নিষেধাজ্ঞা জারি হয়েছে। আমরা সতেরো সাল থেকে একুশ সালের মার্চ পর্যন্ত মামলাটির মোকাবেলা করেছি। সেই মামলা হাইকোর্ট খারিজ করে দেয়। পরে সুনামগঞ্জের প্রশাসনের সঙ্গে মতবিনিময় করে পৌরসভা থেকে ৬৫০ টি লাইন্সেস নিয়ে বৈধভাবে ইজিবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করে আসছেন অসহায় হাজারো মানুষ। কিন্তু কিছু দিন আগে ইকো মোটর্স নামে একটি কোম্পানি তাদের ব্যবসায়ের সুবিধার্থে হাইকোর্টে একটি রিট করে সারাদেশের প্রায় ৪৩ লক্ষ ইজিবাইকের চলাচলের উপর নিষেধাজ্ঞা আনে।
সোহেল আহমেদ বলেন, সুনামগঞ্জে কোনো মিল কলকারখানা নেই, শ্রমিকদের কাজের ক্ষেত্র নেই। সামনে রমজান মাস। এই জেলায় প্রায় ৩ হাজার মানুষ ইজিবাইক চালানোর সঙ্গে জড়িত। সাড়ে ছয়শ গাড়ির সাথে ১ হাজার শ্রমিক, মেকানিকসহ মালিকরা জড়িত। আমরা সবাই ইজিবাইক চালিয়ে জীবন জীবিকা নির্বাহ করি। ইজিবাইক বন্ধ হলে না খেয়ে থাকতে হবে অনেকের।
মানববন্ধনে আরও বক্তব্য রাখেন সুনামগঞ্জ ইজিবাইক মালিক শ্রমিক ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক মো. সোয়েব আহমেদ, যুগ্ম সম্পাদক মো. নুর নবী, সহ সভাপতি মো. হাফিজুর রহমান, মো. মোহাদ্দিছ আলী বাবুল প্রমুখ।
বক্তারা ইজিবাইক চলাচলের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের ব্যাপারে প্রধানমন্ত্রীর কৃপাদৃষ্টি কামনা করেন।