স্টাফ রিপোর্টার
মন্ত্রী-এমপি ও সরকারের উর্ধ্বতন কর্মকর্তাগণ দামী গাড়ি চড়েন। প্রয়োজনে এর চাইতে আরো দামী যানবাহন হেলিকপ্টার বা বিমানও চড়েন, এটাই স্বাভাবিক। তবে পরিবেশ-পরিস্থিতির কারণে আবার কোথাও কোথাও গরিব মানুষের (সাধারণ মানুষের) যানবাহনও চড়তে হয় তাঁদের।
তেমনি শনিবার বিকালে দিরাইয়ের পৌর এলাকার দোওজ গ্রামে সুরঞ্জিত সেনগুপ্ত পলিটেকনিক ইনস্টিটিউট ও সুরঞ্জিত সেনগুপ্ত মহিলা কলেজের উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাটারী চালিত তিনচাকার ইজিবাইক চড়ে যোগদান করেন শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ ও আইন, বিচার ও সংসদীয় মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ওই দুই প্রতিষ্ঠান পরিচালনা পর্ষদের সভাপতি সুরঞ্জিত সেন গুপ্ত এমপি, সংরক্ষিত আসনের এমপি অ্যাড. শাহানা রব্বানীসহ জেলা-উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও জনপ্রতিনিধিগণ।
অবশ্য দিরাই উপজেলা প্রশাসন ও আইশৃংখলা বাহিনীর দায়িত্বপ্রাপ্তরা সবাই ছিলেন সচেতন। মন্ত্রীর চড়া তিন চাকার ইজিবাইকে আগেই জাতীয় পতাকা লাগানো হয়।
জানা যায়, দিরাই বাজার থেকে সুরঞ্জিত সেনগুপ্ত পলিটেকনিক ইনস্টিটিউট ও সুরঞ্জিত সেনগুপ্ত মহিলা কলেজের যাওয়ার রাস্তাটি সরু হওয়ায় সেখানে বড় গাড়ি প্রবেশ করেনি। বাজার থেকে পতাকাবাহী ইজিবাইক চড়ে উদ্বোধনী অনুষ্ঠানে আসা-যাওয়া করেন মন্ত্রী ও সংসদ সদস্যগণ।
এসময় দিরাই এলাকার স্থানীয় অনেকেই মজা করে বলেন, ‘খালি আমরাই ইজিবাইক চড়ি না, মন্ত্রী এমপিরাও এই যাইত্তা গাড়ি চড়অইন। আমরা খালি গাড়ি চড়ি, তাইনরা পতাকা লাগাইয়া চড়অইন। পার্থক্য শুধু এই খানও।’


