ইতিকাফের তাৎপর্য

মাও.মুহাম্মদ এমদাদুল হক
২০ রমজান চলে গেছে। বাকী দিনগুলি আমরা হয়ত ঈদের কেনাকাটায় ব্যস্ত হয়ে পড়ব। অনেক মার্কেটে সুন্দর গেইট সাজিয়ে লাল নীল বাতি দিয়ে সাজসজ্জা করা হয়েছে। অনেকের বাসা বাড়ি থেকে ঈদের পোষাকের লিষ্ট দেওয়া হয়েছে। অথচ মাগফেরাতের এখন শেষ পর্ব। নাজাত থেকে মুক্তির দিন শুরু হয়ে গেছে। ইতিকাফের নিয়ত করে বাড়ি থেকে কাপড় চোপড় বেডিংপত্র নিয়ে আল্লাহর ঘরের মেহমান হয়েছেন।
ইতিকাফ আরবী শব্দ যার অর্থ হচ্ছে অবস্থান করা। শরিয়তের পরিভাষায় ইতিকাফকে বলা হয় পুরুষের জন্য নিয়ত সহকারে এমন মসজিদে অবস্থান করা। যেখানে পাচঁ ওয়াক্ত নামাজ পড়া হয়। আর মহিলাদের জন্য নিয়ত সহকারে নামাজের জন্য নির্দিষ্ট স্থানে অবস্থান করা। ইতিকাফ তিন প্রকার ওয়াজিব, সুন্নাতে মুয়াক্কায়দা ও মুস্তাহাব।
ইতিকাফের শর্তাবলী: নিয়ত করা, বিনা নিয়তে ইতিকাফ করলে সহীহ হবে না। এমন মসজিদে ইতিকাফ করা যেখানে নামাজের জামায়াত হয়। ইতিকাফের জন্য সর্বোচ্চ স্থান হলো মসজিদুল হারাম। অতপর মসজিদে নববী। তারপর বায়তুল মুকাদ্দাস। তারপর জামে মসজিদ যে মসজিদে মুসল্লির সংখ্যা বেশী হয়। মহিলাদের জন্য তাদের ঘরে নামাজের স্থানে ইতিকাফ করবে। মান্নতের এতেকাফের জন্য রোজা রাখা শর্ত। নফল এতেকাফের জন্য রোজা রাখা শর্ত নয়। নফল এতেকাফের জন্য নির্দিষ্ট কোনো মেয়াদ নেই। অল্প সময়ের জন্য ও নফল এতেকাফ করা যায়। মসজিদে এতেকাফের নিয়তে অবস্থান করা উত্তম। কেউ যদি রমজানের এতেকাফের মান্নত করে তাহলে তার এই মান্নত সহীহ হবে। মান্নত করার পর যদি সে রমজানের রোজা রাখে, এতেকাফ না করে তবে তার উপর অন্য একমাসের রোজাসহ লাগাতার এতেকাফের কাজা করা ওয়াজিব। পরবর্তী রমজানে ঐ এতেকাফের কাজা করলে তা আদায় হবে না। এতেকাফ সহীহ হওয়ার শর্ত হলো মুসলমান হওয়া, জ্ঞানবান হওয়া, জানাবত এবং হায়েজ ও নেফাস থেকে পবিত্র হওয়া। বালেগ হওয়া এতেকাফ সহীহ হওয়ার জন্য শর্ত নয়। তাই জ্ঞানবান নাবেলেগরাও এতেকাফ করতে পারবে। মহিলাদের জন্য স্বামীর অনুমতি নিয়ে এতেকাফ করা জায়েজ আছে। অনুমতি দেওয়ার পর স্বামী তাকে এতেকাফ থেকে বারণ করতে পারবে না। মহিলাদের জন্য মসজিদে ইতেকাফ করা জায়েজ নয়। (চলবে)