ইন্টারনেট ব্যবহারে অগ্রগতির জন্য ডিজিটাল সেবার বিস্তৃতি আবশ্যক

জাতীয় দৈনিক প্রথম আলোর বৃহস্পতিবারের একটি খবর থেকে জানা যায়, ইন্টারনেট ব্যবহারে দক্ষিণ এশিয়ার নিচের সারিতে বাংলাদেশের অবস্থান। আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়নের (আইটিইউ) এর ‘তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) উন্নয়ন সূচক ২০১৬’ প্রতিবেদনে প্রদত্ত তথ্যের ভিত্তিতে এই সংবাদটি প্রকাশিত হয়েছে। প্রতিবেদনে বিশ্বে ইন্টারনেট ব্যবহারকারী ১৬৭ দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৪৪ তম স্থানে নির্ধারিত হয়েছে। দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের নিচে অবস্থানকারী একমাত্র দেশটি হলো আফগানিস্থান। এই তথ্য নিয়ে দ্বিমত প্রকাশ করেছেন বিটিআরসি চেয়ারম্যান শাহজাহান মাহমুদ। কিন্তু তিনিও এই প্রতিবেদনের তথ্য খ-ন করে সঠিক অবস্থান কী হতে পারে তা জানাতে পারেননি। অন্যদিকে তথ্যপ্রযুক্তিভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান লার্ন এশিয়ার জ্যেষ্ঠ গবেষক আবু সাইদ খান ইন্টারনেট ব্যবহারে বাংলাদেশের পিছিয়ে থাকার জন্য দুটি বিষয়কে দায়ী করেছেন। তাঁর মতে, দেশব্যাপী ডিজিটাল অবকাঠামো সম্প্রসারণে প্রতিযোগিতার অভাব এবং বিদেশি বিনিয়োগকে বাধাগ্রস্ত করা এই অবস্থার জন্য দায়ী। বাংলাদেশের ৭৬ শতাংশ মানুষ এখনও ইন্টারনেট ব্যবহারের বাইরে অবস্থান করেন বলে বর্ণিত প্রতিবেদনে তথ্য উঠে এসেছে।
বর্তমান প্রযুক্তিনির্ভর বিশ্বব্যবস্থায় উন্নয়নের অন্যতম মাপকাঠি হচ্ছে আইসিটি ব্যবহারের পরিসংখ্যান। আইটিইউ’র এই প্রতিবেদন স্পষ্টতই আমাদের অবস্থান কোথায় তা সকলের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। তথ্যপ্রযুক্তি উপদেষ্টা আবু সাইদ খান ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে পিছিয়ে থাকার জন্য যে দুটি কারণকে সামনে নিয়ে এসেছেন আমাদের মতে সেটি প্রধান কারণ নয় বরং এটি হলো প্রধান সমস্যাগুলোর সমাধান না হওয়ার কারণে উদ্ভূত অনিবার্য পরিস্থিতি। ইন্টারনেট ব্যবহার করতে হলে অবশ্যই মানুষের ন্যুনতম শিক্ষা, অর্থনৈতিক স্বচ্ছলতা ও ব্যক্তি জীবনে এর অপরিহার্যতা আবশ্যক। আমরা জানি, আমাদের দেশে শিক্ষার হার সন্তোষজনক নয়, এখনও সকল মানুষের দারিদ্রতা নিরসন এবং সরকারি-বেসরকারি সেবাসমূহকে ডিজিটাল করা যায়নি। এরকম অবস্থায় ইন্টারনেট ব্যবহারের পরিমাণ বাড়ানো কষ্টকল্পনা ছাড়া অন্য কিছু নয়। মোবাইল ব্যবহারের জন্য মানুষকে বলতে হয়নি। মানুষ তার নিজের প্রয়োজনেই মোবাইল ব্যবহারকারী হয়ে গেছে। বাংলাদেশে এমন কোন মানুষ খুঁজে পাওয়া যাবে কি যিনি মোবাইল ব্যবহার করেননি? এরকম জীবনের সাথে অপরিহার্য হলে ইন্টারনেট ব্যবহারের মাত্রাও বাড়ত নিঃসন্দেহ। মানুষের জন্য প্রয়োজনীয় সেবাসমূহ যেমন- শিক্ষা, চিকিৎসা, ভূমি ব্যবস্থাপনা, ব্যাংকিংসহ সকল সেবাখাত ইন্টারনেটনির্ভর হয়ে গেলে সেবাগ্রহীতা মানুষকে বাধ্য হয়েই ইন্টারনেট ব্যবহার করতে হবে। কিন্তু সমাজে বিরাজিত দুর্নীতি ও অনৈতিক সংশ্রবগুলোকে বজায় রাখার জন্য সর্বত্র বিশেষ করে সরকারি দপ্তরসমূহে ডিজিটাল সেবার সম্প্রসারণ ঘটেনি সেই অর্থে। আমাদের ব্যক্তিপর্যায়ের ইন্টারনেট ব্যবহারকারীদের উপর যদি কোন জরিপ চালানো হয় তাহলে দেখা যাবে, অধিকাংশ ক্ষেত্রে বিনোদনচাহিদা মেটানোর জন্য ইন্টারনেট ব্যবহৃত হচ্ছে। অথচ আমাদের আকাক্সক্ষা ছিলো জীবনের প্রতিটি ক্ষেত্রে এর সম্প্রসারণ ঘটানো।
দারিদ্রতা ও শিক্ষার অভাবও ইন্টারনেট সেবা সম্প্রসারণের অন্যতম অন্তরায়। বাংলাদেশে এখনও ইন্টারনেট বেশ দামি। ব্রডব্যান্ড ব্যবহারকারীদের মাসে ন্যুনতম এক হাজার টাকা খরচ করতে হয়। যেখানে ব্রডব্যান্ড নেই সেখানে বেসরকারি প্রোভাইডাররা বিভিন্ন প্যাকেজের নামে মূলত ব্যবহারকারীদের গলা কাটছে। এইসব প্রোভাইডারদের সেবার মান বেশির ভাগ ক্ষেত্রেই নি¤œ পর্যায়ের। অন্যদিকে দেশের গরিষ্ট সংখ্যক জনগোষ্ঠী ন্যুনতম শিক্ষা গ্রহণের জায়গায় পিছিয়ে থাকায় তারা এই বিশ্বজনিন আশির্বাদ থেকে বঞ্চিত রয়েছেন। তাই আমরা ইন্টারনেট সেবা বিস্তৃতির জন্য সমস্ত সেবাখাতগুলোকে ইন্টারনেটমুখী করা সহ দারিদ্রতা নিরসন ও শিক্ষার উন্নয়নে ব্রতী হওয়াটাই জরুরি বলে মনে করি।