ইফতার তৈরি ও বিক্রয় কার্যক্রম মনিটরিং

স্টাফ রিপোর্টার
রমজানে নিরাপদ ইফতার বিষয়ক উদ্বুদ্ধকরণ সপ্তাহ উপলক্ষ্যে সুনামগঞ্জে বিভিন্ন হোটেল রেস্তোরা ও বেকারিতে ইফতার তৈরি ও বিক্রয় কার্যক্রম মনিটরিং করা হয়েছে।
সোমবার দুপুরে নিরাপদ খাদ্য অধিদপ্তর সুনামগঞ্জ জেলা কার্যালয়ের উদ্যোগে পৌর শহরের পুরাতন বাসস্ট্যান্ড, কালী বাড়ি পয়েন্ট, আলফাত স্কয়ার, ডি এস রোড সহ বিভিন্ন পয়েন্টে ইফতার নিয়ে বসা দোকানগুলোতে মনিটরিং করা হয়। এসময় ইফতার বিক্রেতার মধ্যে হেড ক্যাপ, হ্যান্ড গ্লাভস ও বিভিন্ন ধরণের লিফলেট বিতরণ করা হয়।
জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা শরীফ উদ্দিন বলেন, ইফতার বিক্রয় সংশ্লিষ্ট সকল ব্যবসায়ীদের নিরাপদ খাদ্য আইন ২০১৩ ও এর বিভিন্ন বিধি ও প্রবিধিসমূহ সম্পর্কে ভালো করে জানতে হবে বুঝতে হবে। জনগণের জন্য নিরাপদ খাদ্যের গুরত্বের কথা তুলে ধরে ব্যবসায়ীদেরকে নিরাপদ খাদ্য প্রস্তুতিতে আরো সচেতন হওয়ার আহবান জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ ড্রাগ সুপার মো. সিরাজ উদ্দিন, জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. শহিদুল্লাহ, সদর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর নাজমা জাহান প্রমুখ।