ইয়াকুব উল্লাহ হাই স্কুলের প্রধান শিক্ষক জেল হাজতে

স্টাফ রিপোর্টার
টাকা আত্মসাতের মামলায় সদর উপজেলার গৌরারং ইউনিয়নের ইয়াকুব উল্লাহ পাবলিক উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বেলাল আহমদ বিলালকে জেল হাজতে পাঠিয়েছেন আদালত। রবিবার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (সদর জোন) আদালত তাঁর জামিনআবেদন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।
জানা যায়, ইয়াকুব উল্লাহ পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেলাল আহমদ বিলাল বিদ্যালয়ের ১০ লাখ টাকা আত্মসাত করেন বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য নুরুজ আলী বাদী হয়ে গত ১৭ জানুয়ারি আদালতে মামলা করেন। রবিবার অভিযুক্ত প্রধান শিক্ষক বেলাল আহমদ বিলাল আদালতে উপস্থিত হয়ে জামিন প্রার্থনা করলে আদালত তার জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেন।
বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি মো. শওকত আলী বলেন,‘প্রধান শিক্ষক বিলাল আহমদ বিলালকে বিদ্যালয় থেকে বহিস্কার করা হয়েছে। তিনি বিদ্যালয়ের ১০ লাখ টাকা আত্মসাত করেছেন মর্মে বিদ্যালয় কমিটির সদস্য বাদী হয়ে আদালতে মামলা করেন। এই মামলায় আদালত তার জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
মামলার বাদী পক্ষের আইনজীবী প্রদীপ কুমার নাগ বলেন,‘টাকা আত্মসাতের মামলায় ইয়াকুব উল্লাহ পাবলিক উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বেলাল আহমদ বিলালের জামিন না মঞ্জুর জেল হাজতে পাঠিয়েছেন।