ঈদের কোন প্রস্তুতি নেই আয়ধন মালাদের ঘরে

ইয়াকুব শাহরিয়ার, পাগলাবাজার
আয়ধন মালা। একটি কৃষক পরিবারের গৃহবধূর নাম। দেখার হাওরে ৪ কেদার জমির ধানের মাঝে যার লুকায়িত ছিলো সারা বছরের স্বপ্ন, আনন্দ। সেই আনন্দের প্রতিটি কণা তলিয়ে গেছে হাওরের পানির নিচে। এখন পরিবারে শুধু হাহাকার। ঈদকে সামনে রেখে কোনো প্রস্তুতি নেই তার।
দক্ষিণ সুনামগঞ্জের আসামপুর গ্রামের এ কৃষাণী জানান, ‘খেয়ে পড়ে বেঁচে থাকাই আমাদের একমাত্র স্বপ্ন। ঈদের কোনো প্রস্তুতি নেই আমাদের। এ বছর অতিরিক্ত কোনো চাহিদা নেই। আমাদের একটাই চাহিদা, আমরা যেনো খেয়ে পড়ে বেঁচে থাকতে পারি।’
এ তো গেলো শুধু একজন আয়ধন মালার গল্প। এমন শত শত আয়ধন মালাদের ঘরে এবার ঈদের প্রস্তুতি নেই। তাদেরও একই কথা। কোনো রকমের খেয়ে-পড়ে বেঁচে থাকতে চান তারা। তারা চান অন্তত এবছর যেনো তারা পরিবার নিয়ে একটু স্বস্তিতে জীবন কাটাতে পারেন- সরকার সেই ব্যবস্থা করে দিক। ছেলে মেয়েদের লেখাপড়ার কথাও তারা ভুলেন নি।
জয়গুণ বিবি নামের এক কৃষাণী বলেন, ‘ছেলেমেয়েদের লেখাপড়া করানোও কষ্টসাধ্য হয়ে দাঁড়িয়েছে। এখন পাঠাচ্ছি, কয়েকদিন পর হয়তো মাসিক বেতন দিয়ে তাদের স্কুলেও পাঠাতে পারবো না। যদি তাদের লেখাপড়া বন্ধ হয়ে যায় তাহলে আমাদের বেঁচে থাকা স্বপ্নটাও মরে যাবে। এখন আমরা অসহায়। প্রধানমন্ত্রী    
শেখ হাসিনার কাছে আমাদের আবেদন তিনি যেনো হাওর পাড়ের মানুষগুলোর স্বপ্ন বাঁচাতে চেষ্টা করেন।’
উপজেলার বেশ কটি গ্রাম ঘুরে দেখা যায় সব গ্রামেই এমন অসহায় গরিব অসহায় কৃষক পরিবারের হাহাকার। বাঁধ নির্মাণে ঠিকাদারী প্রতিষ্ঠান আর প্রকল্প বাস্তবায়ন কমিটির (পিআইসি) লাগমহীন দুর্নীতির কারণে কৃষকের সোনার ধান পানির নিচে তলিয়ে যাওয়ায় উপজেলার সব গ্রামেরই কৃষক পরিবারে অভাব দেখা দিয়েছে। একদম বেকার জীবন যাপন করছেন  কৃষক পরিবারের মানুষগুলো। তাই  কেউ কেউ  জীবিকার তাগিদে আর স্থানীয় ক্ষুদ্র ঋণ প্রকল্প ও ব্যাংকের ভয়ে বাড়ি ছেড়ে চলে গেছেন রাজধানী ঢাকাসহ ভোলাগঞ্জ ও বিভাগীয় শহরে। তাদেরও নেই কোনো ঈদের প্রস্তুতি।
‘সংসারে যখন অভাব আর অভাব তখন কিসের ঈদ’ বলে মন্তব্য করেছেন পশ্চিম পাগলার কান্দিগাঁও গ্রামের বর্গাচাষী রাশিদ আলী। তিনি বলেন, ‘অন্যান্য বছর কমবেশ হলেও কিছু ধান পাইতাম, ইবার কাঁচাধান পানির তলে বুরছে। একটা ধানও পাইছি না। মানুষের কাছ তাকি যে টেকা হাওলাত আইনছিলাম ওগুনও দিতে পাররাম না। ঈদের কথাতো স্বপ্নেও ভাবরাম না। ৫ ফুরুত্তা নিয়া যে ইবছর কিলা কাটাইমু আল্লায়ও যানৈন।’
পশ্চিম বীরগাঁও ইউনিয়নের দুর্গাপুর গ্রামের মোছা. কাছামালা ও আবেদীন মিয়া নামের দুই কৃষক বলেন, ‘এবছর ঈদ আমাদের গরিবের জন্য না। মহাজনের কাছ থেকে যে ঋণ নিয়েছিলাম তাও কিভাবে শোধ করবো তা নিয়ে চিন্তিত। ঈদ তো আশাই করা যায় না।’
এ ব্যাপারে সমাজকর্মী মো. জসিম উদ্দিন বলেন, ‘ফসলহানিতে এ বছর কৃষকদের মাঝে ঈদ প্রস্তুতি নেই। আগামী বছর যেনো ভালো করে ঈদ করতে পারে তাই আগামীতে কৃষি ও কৃষকদের বাঁচাতে সর্বাগ্রে সরকারকেই এগিয়ে আসতে হবে। কৃষকদের কৃষি ঋণ মওকুফ করা এখন সময়ের দাবী, এটা করতে হবে। এবং আগামীতে বোরো চাষীদের বীজ, সার ও সহজ শর্তে কৃষি ঋণ দিতে হবে।’
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম বলেন, ‘কৃষকের মুখে হাসি নাই এটা সত্য। কারণ তারা একেবারে শূন্য। শূন্য হাতে তো আর ঈদ করা যায় না। তবে আমরা চেষ্টা করছি কোনো কৃষক পরিবার যেনো না খেয়ে না থাকে। সরকার বিভিন্নভাবে দৈনন্দিন জীবন স্বাভাবিক রাখতে কাজ করে যাচ্ছে। সরকারিভাবে ত্রাণসামগ্রী দেয়া হচ্ছে। কোনোভাবে যেনো কেউ বঞ্চিত না হয় সেদিকে লক্ষ রাখছি। ’