ঈদের পর জেলা প্রশাসনের তদন্ত কমিটির প্রতিবেদন

বিন্দু তালুকদার
হাওরের বোরো ফসলহানির বিষয়ে জেলা প্রশাসনের গঠিত ৫ সদস্যের তদন্ত কমিটির প্রতিবেদন এখন পর্যন্ত (গতকাল মঙ্গলবার) দাখিল করা হয়নি। তবে তদন্ত কমিটির আহবায়ক অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ সফিউল আলম গতকাল মঙ্গলবার বিকালে জানিয়েছেন, ঈদের পর তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে।
প্রসঙ্গত, সুনামগঞ্জে ফসল ডুবে যাওয়ার কারণ এবং হাওরে বাঁধ নির্মাণে ঠিকাদার ও পিআইসি’র অনিয়ম তদন্ত এবং ক্ষয়-ক্ষতির পরিমাণ নির্ধারণের জন্য অতিরিক্ত জেলা প্রশাসক মো. শফিউল আলম (শিক্ষা ও উন্নয়ন) কে আহবায়ক করে ৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। গত ৯ এপ্রিল এই তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটির অন্য সদস্যরা হলেন, অতিরিক্ত পুলিশ সুপার সঞ্জয় সরকার, জেলা কৃষি সম্প্রসারণের উপ পরিচালক মো. জাহিদুল হক, এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী সিদ্দিকুর রহমান ও সুনামগঞ্জ সদরের পিআইও মো. মানিক মিয়া।
তদন্ত কমিটি গত ১৩ জুন জেলা প্রশাসকের কাছে তদন্ত প্রতিবেদন দাখিল করবেন বলে জানানো হয়েছিল। গত ২৩ মে মঙ্গলবার দুপুরে সাংবাদিক, মুক্তিযোদ্ধা,আইনজীবী, সুশীল সমাজের প্রতিনিধি ও রাজনীতিবিদদের সাথে মতবিনিময়কালে এসব তথ্য জানিয়েছিলেন জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম।
ওই দিনের সভায় জেলা প্রশাসক আরো জানিয়েছিলেন, এক মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন দেয়ার কথা ছিল। ইতোমধ্যে একমাস সময় চেয়েছে ওই তদন্ত কমিটি। তাই একমাস পর আগামী ১৩ জুন তদন্ত প্রতিবেদন দাখিল করবেন এই কমিটি।  
এরপর গত ৮ জুন বৃহস্পতিবার অসময়ে হাওর রক্ষা বাঁধ ভেঙে ফসল তলিয়ে যাওয়ার কারণ অনুসন্ধান সংক্রান্ত সুনামগঞ্জ জেলা প্রশাসনের তদন্ত কমিটি সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সকাল সাড়ে ১০ টা থেকে দুপুর সাড়ে ১২ টা পর্যন্ত দুই ঘণ্টার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসনের করা ৫ সদস্যের তদন্ত কমিটি’র আহবায়ক অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ সফিউল আলমের সভাপতিত্বে সভায় গণমাধ্যমকর্মীদের মধ্যে বক্তব্য রাখেন- কামরুজ্জামান চৌধুরী সাফি, বিজন সেন রায়, পঙ্কজ দে, লতিফুর রহমান রাজু, বিন্দু তালুকদার, এমরানুল হক চৌধুরী, সেলিম আহমদ, হিমাদ্রী শেখর ভদ্র মিটু, দেওয়ান গিয়াস চৌধুরী, আমিনুল হক, শাহাব উদ্দিন, আমিনুল ইসলাম প্রমুখ।
মতবিনিময় সভায় তদন্ত কমিটির সদস্য এলজিইডি’র সিনিয়র সহকারী প্রকৌশলী ইব্রাহিম মিয়া, জেলা ত্রাণ ও পুনবার্সন কর্মকর্তা মাহবুবুর রহমান, কৃষি সম্প্রসারণ বিভাগের অতিরিক্ত উপ-পরিচালক হাবিবুর রহমান উপস্থিত ছিলেন।
তদন্ত কমিটির সদস্য জেলা কৃষি সম্প্রসারণের উপ পরিচালক মো. জাহিদুল হক বলেন,‘ একটা খসড়া প্রতিবেদন তৈরি করা হয়েছে। আমরা আশা করি তাড়াতাড়িই তদন্ত প্রতিবেদন দাখিল করা যাবে। ’
অতিরিক্ত পুলিশ সুপার সঞ্জয় সরকার বলেন,‘ তদন্ত কাজ চলছে। অনেকগুলো হাওর ও অনেক কাজ। আমরা বেশ কিছু হাওর ও প্রকল্প পরিদর্শন করেছি। ছবি তুলে নিয়ে এসেছি, কথা বলেছি। তদন্ত প্রতিবেদনটি দাখিলের বিষয়ে কমিটির আহবায়ক সঠিক তথ্য দিতে পারবেন। ’
এ ব্যাপারে তদন্ত কমিটি’র আহবায়ক অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ সফিউল আলম বলেন,‘ আমরা মাঠ পর্যায়ের কাজগুলো শেষ করেছি। এখন পর্যালোচনা করা হচ্ছে। আমরা একটু গভীরভাবে তদন্ত করার চেষ্টা করছি। পাউবো কর্মকর্তাদের সাথে কথা বলেছি এবং তাদের কাগজপত্রগুলো দেখার চেষ্টা করছি। জুন মাস হওয়ায় একটু সময় বেশী লাগছে। ভালভাবে তদন্ত করার জন্য আমরা আরো কিছুদিন সময় নিয়েছি। তবে আশা করি ঈদের পর পরই তদন্ত প্রতিবেদন দাখিল করতে পারব।  ’
সুনামগঞ্জ জেলা প্রশাসনের হিসেব অনুযায়ী, সুনামগঞ্জে এবার ১৫৪টি হাওরে দুই লাখ ২৩হাজার ৮২ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছিল। এর মধ্যে পাহাড়ি ঢলে বাঁধ ভেঙে এক লাখ ৬৬হাজার ৬১২ হেক্টর জমির ধান তলিয়ে গেছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন জেলার তিন লাখ ২৫হাজার ৯৯০ কৃষক পরিবার। তবে স্থানীয় কৃষক-জনপ্রতিনিধিরা বলছেন, হাওরের ৯০শতাংশ ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। এই কৃষকেরা হাওরের ফসল হারিয়ে এখন নিঃস্ব, দিশেহারা।