ঈদে পশু কোরবানীর বর্জ্য অপসারণ বিষয়ে জেলা প্রশাসনের সভা

স্টাফ রিপোর্টার
আগামী ঈদ উল আযহায় পশু কোনবানী ও দ্রুত বর্জ্য অপসারণের বিষয়ে জেলা স্থানীয় সরকার বিভাগের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে অনুষ্ঠিত জেলা প্রশাসকের সম্মেলন কক্ষের আলোচনাসভায় পৌর মেয়র, উপজেলা নির্বাহী কর্মকর্তা, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের গভর্ন্যান্স ইনোভেশন ইউনিট ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নির্দেশে দেশব্যাপি আগামী ঈদ উল আযহায় পশু কোনবানী ও দ্রুত বর্জ্য অপসারণের উদ্যোগ নেয়া হয়েছে।
জেলা প্রশাসক   
 মো. সাবিরুল ইসলামের সভাপতিত্বে ও জেলা স্থানীয় সরকার বিভাগের ভারপ্রাপ্ত উপ পরিচালক অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কামরুজ্জামানের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন পৌর মেয়র আয়ুব বখত জগলুল, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর হোসেন, জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রসূন কুমার চক্রবর্তী, জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুম বিল্লাহ, সদর উপজেলার লক্ষ্মণশ্রী ইউপি চেয়ারম্যান আব্দুল ওয়দুদ, গৌরারং ইউপি চেয়ারম্যান ফুল মিয়া, কুরবাননগর ইউপি চেয়ারম্যান আবুল বরকত, দক্ষিণ সুনামগঞ্জের পাথারিয়া ইউপি চেয়ারম্যান আমিনুর রশিদ, বিশ্বম্ভরপুরের ধনপুর ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম, জামালগঞ্জের ফেনারবাঁক ইউপি চেয়ারম্যান করুনা সিন্ধু তালুকদার, দৈনিক আমাদেরসময় প্রতিনিধি বিন্দু তালুকদার, দৈনিক সুনামগঞ্জের সময়ের সম্পাদক সেলিম আহমদ তালুকদার, দৈনিক মানবকণ্ঠের জেলা প্রতিনিধি শাহজাহান চৌধুরী প্রমুখ।
সভায় জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম বলেন,‘ আগামী ঈদে পশু জবাই ও বর্জ্য দ্রুত অপসারণ করতে সবাইকে সচেতন হতে হবে। পশু জবাই করার স্থান দ্রুত পরিস্কার করতে হবে। পশুর রক্ত ও সকল বর্জ্য গর্ত করে মাটি চাপা দিতে হবে যাতে জবাইকৃত পশুর বর্জ্য অস্বাস্থ্যকর পরিবেশের সৃষ্টি না করতে পারে। কোন এলাকার পরিবেশ যেন নষ্ট না হয় সেদিকে সবার লক্ষ্য রাখতে হবে। সাধারণ মানুষের সচেতনতা বৃদ্ধির লক্ষে মাওলানা, ইমাম ও কসাইদের নিয়ে সচেতনতামূলক সভা করতে হবে। উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে সভা করতে হবে। সবাই সচেতন হলে কোরবানীর পশুর বর্জ্য দ্রুত অপসারণ করা সম্ভব হবে। এসব কাজ মনিটরিং করতে জেলা প্রশাসাকের কার্যালয়ে কন্ট্রোল রুম খোলা হবে।’