স্টাফ রিপোর্টার, তাহিরপুর
সরকারি ছুটির দিনে বাৎসরিক পরীক্ষা দিয়েছে তাহিরপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। ২ ডিসেম্বর শনিবার ‘ঈদ-ই-মিলাদুন নবী’ উপলেক্ষে সারাদেশে স্কুল-কলেজ, অফিস-আদালত সরকারি ছুটির দিন ঘোষণা করায় শনিবারের পরীক্ষা পিছিয়েছে তাহিরপুরের সব শিক্ষা প্রতিষ্ঠান। সে দিক থেকে একটু ব্যতিক্রম তাহিরপুর সরকারি উচ্চ বিদ্যালয়। সরকারের নিয়ম-নীতি তোয়াক্কা না করে ছুটির দিনেই শিক্ষার্থীদের বাংলা বিষয়ে পরীক্ষা নিয়েছেন তারা।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোশারফ হোসেন জানান, নোটিশকৃত পরীক্ষার রুটিন অনুযায়ী শিক্ষার্থীরা বিদ্যালয়ে উপস্থিত হওয়ায় তিনি ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণীর শিক্ষার্থীদের পরীক্ষা নিয়েছেন।
শনিবার দুপুরে তাহিরপুর সরকারী উচ্চ বিদ্যালয় থেকে পরীক্ষা শেষ করে বাড়ি ফেরার পথে দেখা হয় বিদ্যালয়ের ৭ম শ্রেণীর শিক্ষার্থী তন্ময় দাস এর সাথে। পরীক্ষার বিষয়ে তাকে জিজ্ঞেস করা হলে সে জানায়, শনিবার সকলে সে বাংলা পরীক্ষা দিয়ে এসেছে। পার্শ্ববর্তী অন্যান্য কোন বিদ্যালয়ে আজ কোন পরীক্ষা ছিল কিনা জানতে চাইলে সে জানায়, তাহিরপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষার্থী তাকে জানিয়েছে শনিবার তাদের বন্ধ, রুটিন পরিবর্তন করা হয়েছে বিদ্যালয়ে কোন পরীক্ষা নেই।


