মাহবুবুল হাছান শাহীন
আকাশে দেখা যায় এক ফালি চাঁদ
মাসব্যাপী সংযমের পর
আগামীকাল ঈদ, আনন্দে আটখানা
হাওরপাড়ের মানুষ,
যুবক, বৃন্ধ থেকে শিশু
সংযম শেষে, উচ্ছলতার আনন্দ
নতুন কাপড়ের ঘ্রাণ, পিঠাপুলি মাংস পোলাও
আহ্ জিহ্বায় লেগে থাকা হরেক রকম স্বাদ
জনপদ থেকে জনপদ
টাঙ্গুয়া থেকে শনি
আর করচার পাড়ের মানুষের।
কিন্তু, বোশেখের গল্প একেবারে আলাদা
ধানের প্রতিটি গুছায় গুছায়,
যত্নের ছাপে বেড়ে ওঠা,
লিক লিক থেকে পোক্ত হওয়া
মাস চারেকের আনাগুনা।
নিজের চোখের সামনে
তরতর করে সবুজ যখন সোনালী হয়ে উঠে
আনন্দে চিকচিক করে চোখ জুড়া
এ সময় মানুষ ভূলে যায় অনেক কিছু
নতুন ঘ্রাণের আশায়, প্রতিদিন স্বপ্ন বোনা
অনাগত সময়ের জন্য অপেক্ষায় থাকা
বাবুলের পড়ার খরচ,
ঈদের নতুন কাপড়ের আনন্দ,
ফুলির বয়স হলো চৌদ্দ,
এ বোশেখের পর দিতে হবে বিয়ে
বৃদ্ধ মায়ের শাড়ি বদল।
হাওর পাড়ের এসব কিছু ঈদের মতো আনন্দের।
এবার বাঁধের কাজ ভালো হয়নি
অকাল বন্যার আতঙ্কে থাকা,
সঙ্গে পাহাড়ি ঢল।
এত সবের পরও,
কড়চা,
শনি,
টাঙ্গুয়ার হাওরের
সুখ দুঃখের সাথী, এ বৈশাখ।
বোশেখের সাথে ঈদের আনন্দ
লেগে থাকবে আরও কিছুদিন।
এভাবে কেটে যাবে,
সংগ্রাম ও সংগ্রামী সহযোদ্ধাদের
এক ফালি ঈদের আনন্দ।
১৪ বৈশাখ ১৪২৯


