উকিলপাড়ার সামু ছুরিকাঘাতে আহত

স্টাফ রিপোর্টার
শহরের উকিল পাড়ায় চাঁদাবাজীর প্রতিবাদ করায় ছুরিকাঘাতে মিহির চক্রবর্তী  সামু (৫৫) গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার রাত সাড়ে ৯ টায় উকিলপাড়ার মসজিদের কাছে এই ঘটনা ঘটে।
আহত মিহির চক্রবর্তী সামু উকিল পাড়ার বাসিন্দা অ্যাড. মলয় চক্রবর্তী রাজুর বড় ভাই ও দোয়ারাবাজার উপজেলা ভূমি অফিসের তহসিলদার। এঘটনায় অভিযুক্ত উকিলপাড়ার যুবক সোয়েজ আলীকে আটক করেছে পুলিশ।
অ্যাড. মলয় চক্রবর্তী রাজু জানান, মঙ্গলবার রাতে উকিল পাড়ার সমুজ আলী ও তার ছেলে সোয়েজ আলী (২২) পাড়ার রুকবাল মিয়ার কাছে চাঁদাদাবি করছিল। রুকবাল মিয়া চাঁদা দিতে         
অস্বীকার করলে তাকে মারধর শুরু করে চাঁদাবাজরা। এসময় রুকবাল মিয়াকে রক্ষা করতে মিহির চক্রবর্তী এগিয়ে গিয়ে বাধা দিলে তার পেটে ছুরিকাঘাত করে সোয়জ আলী। ধারালো অস্ত্রের আঘাতে মিহির চক্রবর্তীর পেটের অনেক অংশ কেটে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হওয়ায় তাকে দ্রুত সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে স্থানান্তর করা হয়।
সুনামগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) মাসুক মিয়া বলেন,‘উকিল পাড়ায় একজন তহসিলদারকে ছুরিকাঘাত করার অভিযোগ পাওয়া গেছে। ঘটনার সাথে জড়িত সন্দেহে এক যুবককে আটক করা হয়েছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।’