স্টাফ রিপোর্টার
বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) সুনামগঞ্জ উপকেন্দ্রের উদ্যোগে বিনা উদ্ভাবিত উচ্চ ফলনশীল ও স্বল্প জীবনকালীন বিনা-১৯ এর নমুনা শস্য কর্তন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিশ্বম্ভরপুর উপজেলার ধনপুর ইউনিয়নের ইসলামপুর গ্রামের কৃষক আব্দুল কাদিরের জমিতে এই নমুনা শস্য কর্তন করা হয়। ধানের ফলন ভাল হওয়ায় তাঁর প্রতি হেক্টর জমিতে ১৪% আদ্রতায় ৫.৮ টন ফলন পাওয়া গেছে।
এ সময় প্রকল্পের পরিচালক ও বিনা’র কৃষিতত্ত্ব বিভাগের প্রধান কৃষিবিদ ড. মো. শহীদুল ইসলাম ভার্চুয়ালি বক্তব্য রাখেন। তিনি বলেন, বিনা’র প্রধান কার্যালয় এবং ১৩টি উপকেন্দ্রের মাধ্যমে এ প্রকল্পের অর্থায়নে কৃষক প্রশিক্ষণ, মাঠ পর্যায়ে পরীক্ষণ, বীজ ক্রয়, মাঠ দিবস, বিনামূল্যে বীজ বিতরণসহ সার ও বালাইনাশক সরবরাহের মাধ্যমে প্রদর্শনী বাস্তবায়ন করা হচ্ছে। ফলে কৃষকেরা আধুনিক ও জলবায়ু পরিবর্তনের সাথে উপযোগী প্রযুক্তি প্রয়োগের মাধ্যমে আর্থিকভাবে লাভবান হচ্ছেন। এ সকল কার্যক্রম বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট এর ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব) মাসুদ আহমেদ সরেজমিনে পরিদর্শনের মাধ্যমে বাস্তবায়িত হচ্ছে।
সুনামগঞ্জের বিনা উপকেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা ও ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাকিব বলেন, চলতি আউশ মওসুমে জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড এর অর্থায়নে সিলেট ও সুনামগঞ্জ জেলার পতিত জমিতে বিনাধান-১৯ এর প্রদর্শনী স্থাপন করা হয়েছে। কৃষকদেরকে সময়মত বীজ, সার ও বালাইনাশক সরবরাহ করে প্রদর্শনী বাস্তবায়ন করা হয়েছে।


