উজ্জ্বলপুর ভাঙ্গায় পুরোদস্তুর কাজ শুরু

জামালগঞ্জ প্রতিনিধি
জামালগঞ্জ-সুনামগঞ্জ সড়কের উজ্জ্বলপুর ভাঙ্গায় হাওর রক্ষা বাঁধের কাজ শুরু হয়েছে। ঝুঁকিপূর্ণ এ বাঁধে সময় মতো কাজ শুরু না হওয়ায় স্থানীয়দের মাঝে উৎকণ্ঠা কাজ করছিল। অবশেষে সুনামগঞ্জের খবরে এ সংক্রান্ত সংবাদ প্রকাশের পর বেশ জোরেশোরে কাজ শুরু হয় পাগনার উত্তর-পূর্ব অংশের এই বাঁধটিতে। এতে বাঁধ তীরবর্তী মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে। তবে বরাদ্দ কম হওয়ায় টেকসই বাঁধ নির্মাণে কিছুটা শঙ্কা দেখা দিয়েছে। তবে সংশ্লিষ্টরা জানিয়েছেন বাঁধটি শক্তিশালী হবে।
সরজমিনে গিয়ে দেখা যায়, ভেঙ্গে যাওয়া সড়কের পাশ দিয়ে বিকল্প যে রাস্তার সৃষ্টি হয়েছিল সেই রাস্তায় মাটি ফেলার কাজ পুরোদস্তুর শুরু হয়েছে। হাওরকে সুরক্ষিত করতে বেশ জোরেশোরে কাজ শুরু হয়েছে সেখানে। মূল রাস্তা থেকে মাটি ফেলা শুরু হয়ে নদীর তীরবর্তী অংশে গিয়ে যুক্ত হচ্ছে মাটি ফেলা। বাঁধ সংশ্লিষ্টদের কর্মতৎপরতায় অল্প দিনের মধ্যেই কাজ সম্পন্ন হবে বলে ধারণা করা হচ্ছে।
উজ্জ্বলপুর গ্রামের কৃষক এমদাদুল হক বলেন, কাজ শুরু হইছে। এসকেভেটর দিয়া মাটি আইন্যা বান্দে ফেলানো হইতাছে। আশা করি আগামী এক সপ্তাহের ভিতরেই কাজ শেষ হইয়া যাইব। তবে বাঁধটা একটু চিকন হইতাছে। যদি মোটা হইত তাহইলে ভালা হইতো।
ভীমখালী ইউনিয়নের ৫নং ওয়ার্ড ইউপি সদস্য ও উজ্জ্বলপুর-জাল্লাবাজ ভাঙ্গার পিআইসি সভাপতি মো. আব্দুল ওয়াকিব বলেন, কাজটা এখন প্রাথমিক পর্যায়ে আছে। এর উপর আরও মাটি পড়বে। তারপর আরও উঁচু এবং প্রশস্ত হবে। তখন বাঁধ বাঁধের মতোই হবে।
এ ব্যাপারে উপজেলা পানি উন্নয়ন বোর্ডের উপ সহকারী প্রকৌশলী মো. রেজাউল কবীর বলেন, গতকাল জেলা বাপাউবোর নির্বাহী প্রকৌশলী মহোদয়সহ আমরা সেই বাঁধে গিয়েছিলাম। বাঁধটা যে সরু হচ্ছে সে ব্যাপারে আমরা বলে এসেছি এবং চার্ট অনুযায়ী কাজের নির্দেশনা দেওয়া হয়েছে। প্রথম লেয়ারে মাটিটা ফেলে রাস্তা তৈরি করা হচ্ছে। পরবর্তী দ্বিতীয় লেয়ারে মাটি ফেলে সেটা চওড়া এবং স্লোভ করা হবে।
রহমান