উদ্বোধনী খেলায় জয়ী বিশ্বম্ভরপুর

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’এর উদ্বোধনী খেলায় বিশ্বম্ভরপুর উপজেলা দল ১-০ গোলে জয়ী হয়েছে। উদ্বোধনী খেলায় অংশ নিয়েছিল জামালগঞ্জ ও বিশ্বম্ভরপুর উপজেলা দল। উদ্বোধনী খেলায় ম্যান অব দ্যা ম্যাচ হয় বিশ^ম্ভরপুরের শরিফুল ইসলাম।
বুধবার দুপুর আড়াইটায় সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করেন সিলেটের বিভাগীয় কমিশনার মো. মোস্তাফিজুর রহমান। এসময় উপস্থিতি ছিলেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ, জেলা পরিষদ চেয়ারম্যান নুরুল হুদা মুকুট, পুলিশ সুপার মো. মিজানুর রহমান, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত,
সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন নাহার রুমা, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার মো. মোস্তাফিজুর রহমান বলেন, বাংলাদেশে সব চেয়ে জনপ্রিয় খেলা ফুটবল। কিন্তু সাম্প্রতিক সময়ে এই খেলার গৌবর-ঐতিহ্য হারাতে বসেছে। জেলা প্রশাসনের উদ্যোগে এমন আয়োজন জেলার প্রত্যেক ক্রিড়ামোদীর মধ্যে আগ্রহ জাগাবে। সেই সাথে প্রত্যন্ত অঞ্চল থেকে ভাল মানের খেলোয়াড় বের হবে, এবং পুরো জেলার একটি ভালো দল তৈরি হবে, এই দল জাতীয় দলে খেলার সুযোগ পাবে। তিনি জানান, একই সঙ্গে খেলায় দর্শক হিসাবে আসা হাজার হাজার মানুষকে সরকারের ডিজিটাল কার্যক্রম বিষয়ে অবহিত করা হবে।
টুর্নামেন্টের অন্য দলগুলো হচ্ছে সুনামগঞ্জ সদর, তাহিরপুর, জগন্নাথপুর, ছাতক, দোয়ারাবাজার, ধর্মপাশা, দক্ষিণ সুনামগঞ্জ, শাল্লা ও দিরাই উপজেলা। প্রত্যেক দল নক-আউট পদ্ধতিতে খেলায় অংশ নিবে। প্রতি ম্যাচের বিজয়ী দলকে ১০ হাজার টাকা করে পুরস্কার দেবে টুর্নামেন্ট কমিটি।
আগামী ৩০ নভেম্বর শনিবার চূড়ান্ত খেলা অনুষ্ঠিত হবে।