উদ্বোধনের আগেই জগন্নাথপুরে সেতু ভেঙ্গে পড়ার দায়ভার কে নিবে?

সরকারি অর্থের সুব্যবহার নিশ্চিত করতে যেন কেউই প্রতিশ্রুতিবদ্ধ নয়। বরং যেনতেনপ্রকারে সরকারি বরাদ্দ খরচ দেখিয়ে টাকা তুলে নেয়াটাই মুখ্য হিসেবে বিবেচিত হয়ে থাকে কিছু লোকের কাছে। এই লোকেরা হলেন সরকারে থাকা এবং সরকারের অনুগ্রহভাজন অল্পসংখ্যক মানুষ যারা পুরো দেশটিকে নিজের সম্পদ মনে করে থাকেন। নতুবা ৪১ লাখ টাকা ব্যয়ে নির্মিত একটি সেতু উদ্বোধন হওয়ার আগেই কী করে ভেঙ্গে যেতে পারে এবং সেটি বেমালুম হজম করে ফেলা হয় তা আমাদের বোধের অতীত। গতকাল দৈনিক সুনামগঞ্জের খবরে প্রকাশিত একটি সংবাদ থেকে জানা যায়, ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের অর্থায়নে জগন্নাথপুর উপজেলা পিআইও অফিসের দ্বারা পাটলি ইউনিয়নের প্রভাকরপুর ও হামিদপুর গ্রামের রাঙাখাল নামক স্থানে একটি সেতু নির্মাণ করা হয়েছিল। দুই মাস আগে সেতুটির  নির্মাণ কাজ শেষ হয়। কিন্তু এখনও এটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় নি। কয়েক দিন আগে সেতুটি ভেঙ্গে পড়ার খবর পাওয়া গেছে। কেন সেতুটি নির্মাণের পরই ভেঙ্গে গেল? এর উত্তরে সেতু নির্মাণের ঠিকাদার হাসান মিয়া অবলীলায় বললেন ৯০ ফুট লম্বা খালে ৫০ ফুট সেতু নির্মাণ করায় এটি ভেঙ্গে পড়েছে। কী আশ্চর্য স্বাভাবিকতা সরকারি টাকার অপচয় নিয়ে। এদিকে সেতুর নির্মাণ কাজে কোন ত্রুটি ছিল কিনা বা নকশা প্রণয়নে কোন সীমাবদ্ধতা ছিল কি না সে সম্পর্কে জানতে চেষ্টা করা হলেও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে মুঠোফোন বা অফিসে গিয়েও পাওয়া যায় নি।
কোথাও কোন স্থাপনা করার আগে প্রকৌশলীরা উপযুক্তভাবেই নকশা ও প্রাক্কলন তৈরি করেন বলেই আমরা জানি। পাটলি ইউনিয়নের রাঙাখালের প্রশস্ততা ৯০ ফুট হলে ওখানে ৫০ ফুট দৈর্ঘ্যবিশিষ্ট সেতুর নকশা কীভাবে প্রণীত হতে পারে সেটি আমাদের বোধগম্য নয়। আর নকশা যদি এমনটি হয়েও থাকে সংশ্লিষ্ট অফিসটি তো কাজ শুরু হওয়ার আগে পরে বিষয়টি নিশ্চয়ই বুঝতে পেরেছিলেন। তারা নকশা পরিবর্তনের কোন উদ্যোগ না নিয়ে কেন খ-িত আকারে সেতু নির্মাণ কাজটি শেষ করলেন? ঠিকাদারই বা জেনে বুঝে এমন একটি সেতু নির্মাণে হাত দেন কী করে? ৪১ লক্ষ টাকা তো খোলামকুচি নয় যে ইচ্ছা হলো আর পানিতে ফেলে দিলাম। এখানে নকশা প্রণয়নে সত্যিকার অর্থে কোন ত্রুটি হয়ে থাকলে সেটি বড় ধরনের অপরাধ। পরবর্তী পর্যায়ে এমন খ-িত সেতু নির্মাণের টেন্ডার প্রক্রিয়া থেকে শুরু করে ঠিকাদার পর্যন্ত সকলকেই সমানভাবে এর দায়ভার বহন করতে হবে। দায়ভার বহন করতে হবে বলছি আমরা। কিন্তু সেটি কি সম্ভব হবে আমাদের প্রচলিত প্রশাসনিক সংস্কৃতিতে?
জগন্নাথপুর উপজেলাটি অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রীর এলাকা। আমরা জানি তিনি এলাকার উন্নয়নের জন্য অনেক আন্তরিক। তিনি অনেক চেষ্টা তদবির করে এলাকার উন্নয়নে নানা প্রকল্প অনুমোদন ও অর্থ ছাড় করান। এখন তাঁর কষ্টে সংগ্রহ করা অর্থের যদি এমনভাবে শ্রাদ্ধ করা হয় তাহলে দুর্নাম তো তাঁরও হবে। কিছুদিন আগে জগন্নাথপুরের একটি রাস্তা নির্মাণে সরকারি কোষাগারের কয়েক কোটি টাকার অপচয় নিয়েও সংবাদ প্রকাশ হয়। এখন তাঁকেই স্বয়ং উদ্যোগ নিতে হবে এই ধরনের বড় বড় অনিয়ম-দুর্নীতি প্রতিরোধের। রাজনৈতিক সরকারের আন্তরিকতা ও শুভ ইচ্ছাকে যারা বানচাল করার কাজে নিয়োজিত থাকেন আর যাই হোক তারা কেউই সরকারের বন্ধু হতে পারে না। আমরা অপেক্ষায় রইলাম সেতুর নামে ৪১ লক্ষ টাকা পানিতে ফেলার দায়ভার কে কীভাবে বহন করেন সেটি দেখার জন্য।