উন্নয়নের মডেল বাংলাদেশ -তথ্য সচিব

বিশেষ প্রতিনিধি
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যে উন্নয়ন কার্যক্রম চলেছে এর জন্য বাংলাদেশ বিশ্বের দরবারে উন্নয়নের একটি মডেল হিসেবে দাঁড়িয়েছে। এগুলো অস্বীকার করার কোনও সুযোগ নেই। সচিব আরও বলেন, জাতিসংঘ স্বীকৃতি দিয়েছে যে আমরা নিম্ন আয়ের দেশে পরিণত হয়েছি। আমাদের এ বছরের বাজেট ৩ লাখ ৪০ হাজার কোটি টাকা। এ বাজেটের ৬০% হলো গরীব ও প্রান্তিকদের জন্য। আমাদের সাফল্যে জাতিসংঘ আমাদের অ্যাওয়ার্ড দিয়েছে।
মৌলভীবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বৃহস্পতিবার বিকালে প্রধানমন্ত্রী শেখ
 হাসিনার বিশেষ উদ্যোগ এবং সরকারের উন্নয়ন ভাবনা বিষয়ক মতবিনিময় সভায় একটি বাড়ি একটি খামার, নিরাপত্তা, বিদ্যুৎ, কমিউনিটি ক্লিনিক, নারীর ক্ষমতায়ন, শিক্ষা সহায়তা, ডিজিটাল বাংলাদেশসহ ১০টি বিশেষ উদ্যোগ নিয়ে জেলার প্রশাসনিক কর্মকর্তা, রাজনীতিবিদ, সাংবাদিক ও সুধীসমাজের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন তথ্য সচিব মরতুজা আহমেদ।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমন কোন ক্ষেত্র নাই, যেখানে উন্নয়নের জন্য পদক্ষেপ গ্রহণ করা হয়নি। বর্তমানে আশ্রয়ন প্রকল্পের আওতায় কেউ গৃহহীন থাকবে না।
মৌলভীবাজার জেলা প্রশাসক মো. তোফায়েল ইসলামের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মাদ মাসুকুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মো. আনোয়ারুল হক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নেছার আহমদ, পৌর মেয়র ফজলুর রহমান, সাবেক মহিলা এমপি হুসনে আরা ওয়াহিদ, সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী উৎপল সামন্ত, জেলা জজ আদালতের পিপি আজাদুর রহমান আজাদ প্রমুখ।
জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. জসিম উদ্দিন এর পরিচালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকারের উপ-সচিব মো. জাকারিয়া, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. ফারুক আহমদ।