উন্নয়নে শেখ হাসিনার বিকল্প নেই -মানিক

ছাতক প্রতিনিধি
ছাতক-দোয়ারার সংসদ সদস্য, পরিকল্পনা মন্ত্রণালয় ও সরকারী প্রতিষ্ঠান বিষয়ক মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য মুহিবুর রহমান মানিক বলেছেন, ‘একটি শিক্ষিত ও সমৃদ্ধ জাতি গঠনের লক্ষে শেখ হাসিনার সরকার শিক্ষাকে প্রাধান্য দিয়ে যাচ্ছে। দেশের প্রত্যেটি অঞ্চলে উচ্চ শিক্ষার দ্বার উন্মোচন করে শিক্ষা ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তনের আনার অপেক্ষায় সরকার। ছাতক-দোয়ারার প্রত্যন্ত অঞ্চলে কলেজ প্রতিষ্ঠা করে উচ্চ শিক্ষাকে তৃণমূল পর্যায়ে পৌঁছে দেয়া হয়েছে। আওয়ামীলীগ সরকার ছাড়া দেশের কাঙ্খিত উন্নয়ন সম্ভব নয়। ছাতক-দোয়ারার যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তনের ফলে এখন গ্রামের মানুষ গাড়ি থেকে নেমে বাড়িতে পা রাখছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ দেশকে মধ্য আয়ের দেশে নিয়ে যেতে সক্ষম হয়েছেন। এ দেশের মানুষের অধিকার ও উন্নয়নকে সমুন্নত রাখতে শেখ হাসিনার বিকল্প নেই।’
মঙ্গলবার ছাতক উপজেলার ছৈলা-আফজলাবাদ     
ইউনিয়নের বাংলাবাজার সামারুন্নেছা উচ্চ বিদ্যালয়কে কলেজে উন্নীত করার লক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সভায় সভাপতিত্বে করেন পরিচালনা কমিটির সভাপতি পরিমল চন্দ্র নাথ।
শিক্ষক সুহেল আহমদের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের আহবায়ক ছানাউর রহমান ছানা, যুগ্ম আহবায়ক সৈয়দ আহমদ, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ও ইউপি চেয়ারম্যান গয়াছ আহমদ, ভাতগাঁও ইউপি চেয়ারম্যান আওলাদ হোসেন মাস্টার, আওয়ামীলীগ নেতা আফজাল হোসেন, উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও ইউপি চেয়ারম্যান মুরাদ আহমদ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান বিলাল আহমদ।