পি সি দাশ, শাল্লা
নিজ এলাকায় চাকুরী করার সুবাদে প্রভাব বিস্তার করে যা ইচ্ছা তাই করছেন শাল্লার প্রকল্প বাস্তবায়ন (পিআইও) দপ্তরের প্রীতি ভূষণ দাস নামে এক উপ-সহকারী প্রকৌশলী। দায়িত্বপ্রাপ্ত পিআইও আব্দুল হাই খাঁনের অনুপস্থিতিতে তিনি নিজেই সব উন্নয়ন কার্যক্রম তার মত করে পরিচালনা করছেন বলে এলাকায় তার বিরুদ্ধে নানা দুর্নীতির অভিযোগ রয়েছে।
এলাকায় আলোচনা হচ্ছে, যার সাথে তার ঘুষের সম্পর্ক রয়েছে তাদের কাজ না হলেও সম্পূর্ণ বিল দেওয়ার সুপারিশ করেন প্রীতি ভূষণ দাস। আর যাদের কাছ থেকে ঘুষ নেয়া সম্ভব নয় তাদের প্রকল্পের কাজ হওয়া সত্ত্বেও বরাদ্দ বাতিল করা হয়েছে বলেও অভিযোগ রয়েছে।
এবিষয়ে এলাকার অনেকেই বলছেন,‘আমরা কয়েক দিন পূর্বে শুনেছি ৬০ ভাগ প্রকল্পের কাজই হয়নি অথচ ৩০ জুনের পর শুনা যাচ্ছে ৭ টি প্রকল্প ব্যতিত সবকটি প্রকল্পের টাকা ছাড় দেওয়া হয়েছে।’
এনিয়ে পিআইও আব্দুল হাই খানের উপস্থিতিতে রবিবার তার দপ্তরে গিয়ে উন্নয়ন কাজের যাবতীয় বিষয় নিয়ে কথা বলতে চাইলে প্রীতি ভূষণ ক্ষুব্ধ হয়ে
উঠেন এবং এলাকার বাসিন্দা হিসেবে প্রভাব কাটানোর চেষ্টা করেন। এসময় পিআইও আব্দুল হাই খাঁন তাকে শান্ত হতে বলেন ।
উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুস সাত্তার বলেন,‘২০১৬-২০১৭ অর্থ বছরের কাবিখা, টিআর প্রকল্পের অর্থ উন্নয়নের নামে জলে ফেলা হয়েছে। এলাকার ছেলে হওয়ায় প্রীতি ভূষণ স্বজনপ্রীতির মাধ্যমে ঘুষ দুর্নীতি অনিয়ম করে অধিকাংশ প্রকল্পের বরাদ্দের অর্থ ছাড় দিয়েছে।’ তিনি বলেন পিআইও শাল্লা সব সময় না থাকায় প্রীতি ভূষণ অফিসে দুই নম্বরী কাজ কাম করছে। আমি নিজে অফিসে গিয়ে কাজ না হওয়া সহদেবপাশা গ্রামের কাবিখা বরাদ্দের ২ লাখ টাকা ও টিআর বরাদ্দের ৬০ হাজার টাকা, রহমতপুর গ্রামের প্রকল্পের ৬০ হাজার টাকা, বড় আব্দা গ্রামের মেম্বার নিরঞ্জন দাসের প্রকল্পের ২ লাখ টাকার প্রকল্পসহ বেশ কয়েকটি প্রকল্পের কাজ নামে মাত্র হয়েছে বলে মৌখিক অভিযোগ করার পরও ঘুষ নিয়ে অর্থ ছাড় দেওয়া হয়েছে।’
তিনি আরো বলেন আরো কাজ না হওয়া প্রকল্পের মধ্যে নওয়াগাঁও গ্রামের মহাদেব মন্দিরের ৪০ হাজার টাকা, প্রেসক্লাবের নাম করে কাজ না করেই বাদল দাস ৩৬ হাজার টাকা, আঙ্গারুয়া গ্রামের যুবক্লাবের ৪০ হাজার টাকার কাজসহ বহু প্রকল্পের কাজ এখনও শুরুই হয়নি অথচ প্রকল্পের সব টাকা উত্তোলন করা হয়েছে।’
এব্যপারে উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান রান্টু লাল দাস বলেন,‘ এবছর ৩০ জুন ছিল পিআইও অফিসের পৌষ মাস আর উন্নয়নের সর্বনাশ। অনেকে কাজ করেও বিল পায়নি আবার অনেকে কাজ না করেও সব অর্থ নিয়েছেন। তিনি বলেন,‘ এনিয়ে সংসদ সদস্য ড. জয়া সেনগুপ্তার সঙ্গে আলোচনা হবে।’
তবে পিআইও আব্দুল হাই খাঁন বলেন,‘প্রীতি ভূষণ দাস এলাকার ছেলে হওয়ায় এবং শাল্লায় অবস্থান করার কারণে তার তদন্তের উপর ভিত্তি করেই আমি বিল দিয়েছি। তবে তিনি দাবি করেন,‘এতে কোন প্রকার অনিয়ম হয়নি।’


