‘উন্মুক্ত জলমহাল ফসলহারাদের জন্য উন্মুক্ত’

আলআমিন
সুনামগঞ্জে যে সকল জলমহাল উন্মুক্ত আছে সেগুলো হাওরের ফসলহারা কৃষক-জেলেদের জন্য উন্মুক্ত রাখা হবে। এছাড়া ইজারাকৃত প্রতিটি জলমহালের সীমানা নির্ধারণ করে দেওয়া হবে এবং সীমানার বাইরে ক্ষতিগ্রস্ত সাধারণ কৃষক ও জেলেরা মাছ ধরতে পারবেন। কৃষক ও জেলেদের স্বার্থে বিষয়টি কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে। সুনামগঞ্জের জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম বৃহস্পতিবার একথা বলেছেন।
হাওরের ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পুনর্বাসনের অংশ হিসাবে জেলা প্রশাসনের উদ্যোগে জেলার ৫৭ জন নারীর মধ্যে সেলাইমেশিন বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ঢাকাস্থ সিলেটিদের সংগঠন জালালাবাদ অ্যাসোসিয়েশনের অর্থায়নে এই সেলাইমেশিন বিতরণ করা হয়।
সুনামগঞ্জ সার্কিট  হাউস মিলনায়তনে জেলা প্রশাসকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক প্রাক্তন যুগ্মসচিব সৈয়দ জগলুল পাশা। এ ছাড়া বক্তব্য দেন সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কামরুজ্জামান, সংগঠনের সদস্য মোস্তফা শাহজামান চৌধুরী ও আ ফ ম সিরাজুল ইসলাম শামীম, সুনামগঞ্জের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাঠাগারের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সালেহ আহমদ, সাংবাদিক পঙ্কজ কান্তি দে প্রমুখ। পরে নারীদের হাতে সেলাইমেশিন তুলে দেওয়া হয়।
সৈয়দ জগলুল পাশা বলেন, ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে সরকারি-বেসরকারি উদ্যোগে ত্রাণ সহায়তা দেওয়া হচ্ছে। সেই সঙ্গে তাদের পুনর্বাসনের বিষয়টি মাথায় রেখে বেশি করে উদ্যোগ নিতে হবে।
সুনামগঞ্জে এ বছর দুই লাখ ২৩ হাজার ৮২ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছিল। এপ্রিল মাসের অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে বাঁধ ভেঙে  জেলার ১৫৪ টি হাওরের বোরো ধান তলিয়ে যায়। জেলা প্রশাসনের হিসাব অনুযায়ী সুনামগঞ্জে এবার ১৫৪ টি হাওরে এক লাখ ৬৬ হাজার ৬১২ হেক্টর জমির বোরো ধান তলিয়ে গেছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে তিন লাখ ২৫ হাজার ৯৯০ কৃষক পরিবার।