স্টাফ রিপোর্টার
জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে হচ্ছে না সুনামগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার। নতুন নির্মিত শহীদ মিনারটির নাম কেন্দ্রীয় শহীদ মিনারও থাকছে না। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যে নির্মিত শহীদ মিনারের জন্য ৩ টি জমি প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে যে কোন একটিতে ভাষা শহীদদের মিনার হবে। মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে নির্মিত বর্তমান কেন্দ্রীয় শহীদ মিনারের আশপাশের জমি নিয়ে দৃষ্টিনন্দন শহীদ মিনার নির্মাণেরও সিদ্ধান্ত হয়েছে। রোববার সন্ধ্যায় সুনামগঞ্জ পৌরসভা কার্যালয়ে জেলা পরিষদ চেয়ারম্যান নুরুল হুদা মুকুটের আহ্বানে শহরের বিশিষ্টজনদের বৈঠকে এসব সিদ্ধান্ত হয়।
বৈঠকের শুরুতে জেলা পরিষদ চেয়ারম্যান নুরুল হুদা মুকুট বলেন,‘ভাষা শহীদদের স্মরণে জেলা পরিষদ শহীদ মিনার করতে চায়, এজন্য জেলা প্রশাসকের কার্যালয়ের চত্বর স্থান হিসাবে নির্ধারণ করা হয়েছিল। কিন্তু সুনামগঞ্জের গণ-মাধ্যম কর্মীসহ বিশিষ্টজনেরা এই স্থানটি সঠিক হয়নি বলে পত্র পত্রিকায় বক্তব্য বিবৃতি দেওয়ায় এর ফলক উন্মোচন স্থগিত করা হয়েছে। যেহেতু এটি সার্বজনীন কাজ সকলে যেখানে সিদ্ধান্ত দেবেন, আমরা সেখানেই শহীদ মিনার করবো’। তিনি জানান, একই সঙ্গে বর্তমান কেন্দ্রীয় শহীদ মিনারের উন্নয়নের দায়িত্বও জেলা পরিষদ নিতে চায়। এজন্য পাশের জমি বাড়ানোর চেষ্টা করা হবে। এজন্য সকলে মিলে কাউকে লেগে থাকার জন্যও দায়িত্ব দিতে হবে।
বৈঠকে বক্তব্য রাখার সময় পৌরসভার মেয়র আয়ুব বখ্ত জগলুল ভাষা শহীদদের স্মৃতি রক্ষার্থে নির্মিত শহীদ মিনারের জন্য দুটি জমির প্রস্তাব করেন। এর মধ্যে একটি সার্কিট হাউসের সামনের টিএ-টি’র পাশের জমি। অপরটি সুনামগঞ্জ সরকারী কলেজ ক্যাম্পাস। প্রস্তাবিত জমি নিয়ে জেলা প্রশাসকের সঙ্গে কথা বলে পরবর্তী সিদ্ধান্ত নেবার কথা জানান তিনি।
লেখক ও কথা সাহিত্যিক অ্যাড. স্বপন কুমার দেব বলেন,‘জেলা প্রশাসক কার্যালয় চত্বরে শহীদ মিনার হতে পারে না। এটি সংরক্ষিত এলাকা। অন্য কোন জমি বেছে নিতে হবে।’
শিক্ষাবিদ পরিমল কান্তি দে বলেন,‘জেলা শিল্পকলা একাডেমীর সামনে অ্যাডভোকেটস ক্লাবের পাশের জমিতে শহীদ মিনার করার প্রস্তাব করা যায় কী-না চেষ্টা করা যেতে পারে।’
মুক্তিযোদ্ধা-আইনজীবী বজলুল মজিদ চৌধুরী খসরু সকলের মতামতকে গুরুত্ব দিয়ে জেলা প্রশাসকের কার্যালয় ও বিচারালয়ের মাঝখানের জমিতে শহীদ মিনার নির্মাণের সিদ্ধান্ত প্রত্যাহার করায় জেলা পরিষদ চেয়ারম্যান নুরুল হুদা মুকুটকে ধন্যবাদ জানান।
সাবেক সংসদ সদস্য অ্যাডভোটে আব্দুল মজিদ বলেন,‘আমাদের প্রধান দাবী থাকবে, বর্তমান শহীদ মিনারের স্থলেই পাশের জমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে বরাদ্দ নিয়ে দৃষ্টিনন্দন শহীদ মিনার নির্মাণ করা। না পারা গেলে অন্য প্রস্তাবগুলো বিবেচনা করা যেতে পারে’।
জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. সৈয়দ শায়েখ আহমদ ও সাধারণ সম্পাদক অ্যাড. আব্দুল হক জেলা প্রশাসক কার্যালয় ও আদালত চত্বরে শহীদ মিনার নির্মাণের সিদ্ধান্ত প্রত্যাহার করায় ধন্যবাদ জানিয়ে বলেন,‘এই স্থানটি সংরক্ষিত। এখানে শহীদ মিনার হলে যে কোন সময় কর্মসূচি পালনে সমস্যা হতো’।
বৈঠকে বিশিষ্টজনদের মধ্যে জেলা জাসদের সভাপতি আতম সালেহ, অ্যাডভোকেট সত্যব্রত রায় ভুলু, লেখক মোরশেদ আলম, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শেরেনুর আলী, অমল কর, শংকর দাস, অ্যাড. আজাদুল ইসলাম রতন প্রমুখ বক্তব্য দেন।
- হাওরের ফসল রক্ষা বাঁধ- দুই মাস পেরিয়ে যাচ্ছে বাঁধের কাজ শুরু হয়নি
- মুক্তিযুদ্ধের ঐতিহ্যের অংশ ডিএস রোডের শহীদ মিনার


