উপজেলা চেয়ারম্যান আকমল হোসেনের জানাজা আজ

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেনের নামাজে জানাজা আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে। প্রথম জানাজা নামাজ সকাল সাড়ে ৯টায় সিলেটের নাইওরপুর জামে মসজিদে অনুষ্ঠিত হবে। এরমধ্যে সেখান থেকে জগন্নাথপুর উপজেলা সদরে নিয়ে আসা হবে তাঁর মরদেহ।
বেলা ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে সর্বস্তরের মানুষ প্রয়াতের মরদেহে শ্রদ্ধা নিবেদন করবেন। পরে মরদেহ গ্রামের বাড়ী শ্রীরামসীতে নিয়ে যাওয়া হবে। সেখানে বিকেল সাড়ে চারটায় শ্রীরামসী স্কুল এন্ড কলেজ মাঠে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।
প্রসঙ্গত, একাধিকবার নির্বাচিত চেয়ারম্যান আকমল হোসেন গত ২৪ ডিসেম্বর আওয়ামী লীগের জাতীয় সন্মেলনে যোগ দিতে ঢাকায় গিয়েছিলেন। রাজধানীর পল্টন এলাকার একটি আবাসিক হোটেলে সোমবার রাত সাড়ে ১২ টায় তিনি আকস্মিক অসুস্থ হয়ে পড়লে তাকে স্কয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে রাত দেড়টায় চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। সেখান থেকে মঙ্গলবার ভোরে তাঁর মরদেহ সিলেট শহরের নিয়ে আসা হয়।
এদিকে জগন্নাথপুরের জনপ্রিয় জনপ্রতিনিধি ও রাজনীতিবিদ আকমল হোসেনের মৃত্যুতে তাঁর নির্বাচনী এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।