উপজেলা চেয়ারম্যান, পৌর মেয়র, প্রদীপ, একরারসহ আসামী ৬৮

দিরাই প্রতিনিধি
দিরাইয়ে জলমহাল দখল নিয়ে আওয়ামী লীগের প্রভাবশালী দুই নেতা সুরঞ্জিত সেনগুপ্ত এমপি ও জেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক সাংসদ মতিউর রহমানের অনুসারী লোকজনের মধ্যে বন্দুকযুদ্ধে তিন নিরীহ ব্যাক্তির প্রাণ হানির ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনার দুইদিন পর গতকাল (বৃহস্পতিবার) জলমহালের ইজারাদার দক্ষিণ নাগেরগাঁও মৎস্যজীবি সমিতির সাধারণ সম্পাদক ধনঞ্জয় দাস বাদী হয়ে উপজেলা যুবলীগ নেতা একরার হোসেনসহ ২৯জনকে আসামী করে এবং একরার হোসেন বাদী হয়ে উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদার, পৌরসভার মেয়র মোশাররফ মিয়া, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রদীপ রায়সহ ৩৯জনকে আসামী করে দিরাই থানায় মামলা দায়ের করেছেন।  
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, দিরাই উপজেলা সদর থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে হাওরের দুর্গম এলাকায় ঘোড়ামারা সাতকানিয়া প্রকাশিত জারলিয়া নদী জলমহালের দখল নিয়ে গত ৩ বছর ধরেই স্থানীয় আওয়ামী লীগ নেতা মাসুক মিয়া, আহাদ মিয়া ইয়াহিয়া চৌধুরীসহ কয়েকজন ও উপজেলা যুবলীগ নেতা একরার হোসেনের মধ্যে দ্বন্দ্ব চলে আসছে। গত ৩ বছরে কয়েক দফায় এই জলমহালে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। সর্বশেষ মঙ্গলবার সকাল ১১টায় একরার হোসেনের নেতৃত্বে ঐ মহাল দখল করতে গেলে প্রতিপক্ষ জলমহালের দখলদার ইজারাদার পক্ষের আওয়ামীলীগ নেতা মাসুক মিয়া, আহাদ মিয়া ও ইয়াহিয়া চৌধুরীর লোকজন বাধা দেয়। এসময় দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ ও গুলাগুলি শুরু হয়। গুলাগুলির সময় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই একজন এবং হাসপাতালে নেয়ার আরও ২জন মারা যায়। স্থানীয় লোকজন বলেছেন, দুই পক্ষই সরকার দলীয় প্রভাবশালী নেতা সুরঞ্জিত সেন গুপ্ত এমপি ও জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমানের আশীর্বাদপুষ্ট হওয়ায় বিরোধ লেগেই আছে। এই বিরোধের জের ধরেই এমন হৃদয় বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
দিরাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল জলিল বলেন, উভয় পক্ষ মামলা দিয়েছে। আসামী গ্রেফতার করার জন্য সর্বাত্বক চেষ্টা চলছে। পুলিশ বিষয়টি গুরত্বসহকারে দেখছে।
পুলিশ সুপার হারুন অর রশিদ বলেন,‘জলমহালের বৈধ ইজারাদার ধনঞ্জয় দাস বৃহস্পতিবার সকালে একরার হোসেনসহ ২৯ জনকে আসামী করে মামলা দায়ের করেছেন। অপর মামলাটি’র অভিযোগ পাওয়া গেছে। বাদী উপস্থিত না হওয়ায় মামলা গ্রহণে বিলম্ব হচ্ছে। এই মামলায় আসামী হিসাবে উপজেলা পরিষদ চেয়ারম্যান, পৌরসভার মেয়র, দিরাই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রদীপ রায়’র নাম রয়েছে’।
উল্লেখ্য, মঙ্গলবার দুপুরে দিরাই উপজেলার গোড়ামারা সাতপাখিয়া প্রকাশিত জারলিয়া নদী’র দিরাইয়ে জলমহালের দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ হয়। সংঘর্ষে বন্দুকের গুলিতে নিহত হয় তাজুল ইসলাম (৩২), শাহারুল মিয়া (২৮) ও উজ্জ্বল মিয়া (২৫)। নিহত তাজুল হাতিয়া গ্রামের সানউল্লা’র ছেলে ও শাহারুল ইছাক আলীর ছেলে ও উজ্জ্বল মিয়া আমান উল্লাহ’র ছেলে তারা দুইজনই আকিলনগর গ্রামের বাসিন্দা। এছাড়া বন্দুকের গুলিতে আরো ১১ জন আহত হয়। আহতরা বর্তমানে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন।