উপজেলা পর্যায়ে চাল, নগদ টাকা এবং শিশু খাদ্য বরাদ্দ

স্টাফ রিপোর্টার
অতিবৃষ্টির কারণে বন্যা পরিস্থিতি নিয়ে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। শবিার দুপুর ২ টায় জুম ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় দিরাই-শাল্লা আসনের সংসদ সদস্য ডঃ জয়া সেন গুপ্তা, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামীমা শাহরিয়ার, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ জয়নুল বারী সহ জেলঅ দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যগণ অংশগ্রহণ করেন।
সভায় জানানো হয়, উপজেলা পর্যায়ে ৪১০ মেঃ টন চাল, উনত্রিশ লক্ষ সত্তর হাজার টাকা নগদ বরাদ্দ এবং ৪৭৫২ টি পরিবারের মাঝে শিশু খাদ্য বিতরণের জন্য বরাদ্দ প্রদান করা হয়েছে।
এছাড়াও সভায় প্রতিটি উপজেলায় আশ্রয়কেন্দ্র খোলা এবং আশ্রয়কেন্দ্রের তথ্য মাইকে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার, প্রতিটি উপজেলায় কন্ট্রোল রুম চালু করা, উপজেলায় ও ইউনিয়ন পর্যায়ে শুকনো খাবার, বিশুদ্ধ পানি ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট প্রস্তুত করা ও প্রয়োজন অনুযায়ী সরবরাহ করা, ত্রাণ ও উদ্ধার কাজে সহায়তা করার জন্য স্থানীয় পর্যায়ে নৌযানের ও মাঝির ব্যাবস্থা করা, ত্রাণ ও উদ্ধার কাজে সহায়তা করার জন্য স্থানীয় পর্যায়ে স্পিড বোটের ব্যাবস্থা, আশ্রয়কেন্দ্রে কারোও করোনা উপসর্গ থাকলে তাকে আলাদা স্থানে রাখার ব্যবস্থা করা, আশ্রয়কেন্দ্রে সাবান, হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক সরবরাহ করা, স্ব স্ব উপজেলা হতে ত্রান চাহিদা প্রেরণ করা, প্রয়োজন অনুযায়ী শুকনো খাবার, শিশু খাদ্যও পশুখাদ্য সরবরাহ করা, মোমবাতি, দিয়াশলাই, চার্জার লাইট সরবরাহ করা, মেডিকেল টিম গঠন, বন্যার সময় নিরাপত্তা নিশ্চিত করার জন্য পুলিশকে প্রস্তুত রাখা ও প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।