উপবৃত্তির অর্থ যাবে অগ্রণী ব্যাংকের মাধ্যমে

সু.খবর ডেস্ক
মাধ্যমিক স্তরের দরিদ্র শিক্ষার্থীদের উপবৃত্তির অর্থ যাবে অগ্রণী ব্যাংকের মাধ্যমে। এজন্য শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন ‘সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইমপ্রুভমেন্ট প্রোগ্রাম’ (সেসিপ) এর সাথে অগ্রণী ব্যাংক লিমিটেডের এক চুক্তি সই হয়েছে। রবিবার শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষর করেন সেসিপ এর প্রোগ্রাম পরিচালক এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) এর মহাপরিচালক প্রফেসর ড. এস এম ওয়াহিদুজ্জামান এবং অগ্রণী ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. ইসমাইল হোসেন। শিক্ষা সচিব    
মো. সোহরাব হোসাইন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
উপবৃত্তির অর্থ বিতরণের লক্ষ্যে ২০১৪ সালের আগস্ট সেসিপের সাথে অগ্রণী ব্যাংকের সম্পাদিত চুক্তির ধারাবাহিকতায় রবিবার এ চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তির আওতায় দেশের ১৭ জেলার ৫৪ উপজেলার ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি ও সমমানের স্কুল ও মাদ্রাসার ৩ লাখ দরিদ্র শিক্ষার্থীর মধ্যে জুলাই ২০১৬ থেকে ডিসেম্বর ২০১৭ পর্যন্ত দেড় বছরে মোট ১৫০ কোটি টাকা বিতরণ করা হবে। বিকাশের মাধ্যমে শিক্ষার্থীর নিজস্ব মোবাইল একাউন্টে এ উপবৃত্তির টাকা পাঠানো হবে। প্রতি মাসে উপবৃত্তি হিসেবে শিক্ষার্থীরা ৬ষ্ঠ ও ৭ম শ্রেণিতে ১০০ টাকা, ৮ম শ্রেণিতে ১২৫ টাকা, ৯ম শ্রেণিতে ১৭০ টাকা এবং ১০ম শ্রেণিতে ২১০ টাকা পাবে। এছাড়া উপবৃত্তিপ্রাপ্ত প্রতি শিক্ষার্থী টিউশন ফি হিসেবে মাসে ১৫ থেকে ২০ টাকা এবং এসএসসি/দাখিল পরীক্ষার্থী পরীক্ষা ফি সহায়তা হিসেবে ৭৫০ টাকা পাবে।
সেসিপের যুগ্ম প্রোগ্রাম পরিচালক আবু সাঈদ শেখের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতায় শিক্ষা সচিব সোহরাব হোসাইন শিক্ষার্থীদের মোবাইল একাউন্টে উপবৃত্তির অর্থ প্রেরণকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ডিজিটাল বাংলাদেশ অর্জনে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে উল্লেখ করেন। শিক্ষা সচিব উপবৃত্তির লক্ষ্য পূরণে সততা, আন্তরিকতা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পারণের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান।
অনুষ্ঠানে শিক্ষা মন্ত্রণালয়, মাউশি, সেসিপ, অগ্রণী ব্যাংক এবং বিকাশ এর উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সেসিপ ছাড়াও শিক্ষা মন্ত্রণালয়ের অধীন সেকায়েপ, এসইএসপি, প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট এবং উচ্চমাধ্যমিক উপবৃত্তি প্রকল্প এর মাধ্যমে সারাদেশে দরিদ্র শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদান করা হচ্ছে।