উপ শহর প্রকল্প এবং গণপ্রত্যাশা

সুরমা সেতুর ওপাড়ে অচিন্তপুর গ্রাম সন্নিকটবর্তী সাড়ে ১৬ একর জায়গায় একটি উপশহর গড়ে উঠছে বলে গতকাল দৈনিক সুনামগঞ্জের খবরে একটি সংবাদ প্রকাশ হয়েছে। গৃহায়ন ও গণপূর্ত বিভাগ এই প্রকল্প বাস্তবায়ন করতে মোট ১৮ কোটি ৩৮ লাখ ১৬ হাজার টাকা অনুমোদন পেয়েছে। এর মধ্যে জায়গা অধিগ্রহণে খরচ হয়েছে ১০ কোটি ১৯ লাখ ৯৩ হাজার ২০৯ টাকা ২ পয়সা। অধিগ্রহণকৃত জায়গাকে প্লট উপযোগী করে গড়ে তোলার জন্য উন্নয়ন কাজের দরপত্র আহ্বান করা হয়েছে অবশিষ্ট টাকা দিয়ে। উন্নয়ন কাজের মধ্যে রয়েছে মাটি ভরাট, ড্রেন নির্মাণ, কালভার্ট নির্মাণ, ডিপটিউবওয়েল স্থাপন, বিদ্যুৎ ও গ্যাস সংযোগের লাইন ও স্থাপনা টানা। প্রকাশিত সংবাদ থেকে জানা যায় উপশহরে ১৫৪ টি প্লট থাকবে যার মধ্যে ৩ কাঠার ১০২টি, ৫ কৃাঠার ২৮টি, আড়াই থেকে সাড়ে ৬ কাঠার ২৪ টি। এসব প্লট বিক্রি করা হবে প্রতি কাঠা ৪ লাখ টাকা ( প্রতি শতাংশ ২ লাখ ৪২ হাজার টাকা) হারে। এইসব প্লট সমাজের বিভিন্ন স্তরের লোকজনকে বরাদ্দ করা হবে। পেশাভিত্তিক বরাদ্দ পাওয়ার একটি কোটাও নির্ধারিত রয়েছে। এদিকে প্লট নির্মাণের বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধিদের নিকট থেকে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেছে। বিশেষ করে উপশহর নির্মাণের পুরো প্রক্রিয়া গোপন রাখায় সমালোচনা করেছেন অনেকে। কয়েকজন অভিমত প্রকাশ করেছেন, শহরের কেন্দ্রস্থলের পরিবর্তে নদীর উত্তর পাড়ে উপ শহর গড়ে তোলার সিদ্ধান্তটি যুক্তিসঙ্গত নয়।
মধ্যবিত্ত ও উচ্চ মধ্যবিত্ত বিশেষ করে শহরে বাসা বাড়ি নেই এমন চাকুরিজীবী ও ব্যবসায়ীসহ পেশাজীবীরা জেলা শহরে এরকম একটি উপশহর গড়ে তোলার দাবি জানিয়ে এসেছেন দীর্ঘদিন যাবৎ। বছর দুয়েক আগে আমরা কালিপুর ও নতুনপাড়ার মধ্যবর্তী জাওয়ার হাওরে এরকম উপশহর তৈরির কথাবার্তা শুনেছিলাম। ওই জায়গায় উপ শহরটি করা গেলে সকলের জন্য ভাল হতো। কেন এটা করা যায়নি তা আমাদের জানা নেই। তবে মন্দের ভাল হিসাবে অচিন্তপুরের উপশহর প্রকল্পটি গড়ে তোলার উদ্যোগটি গ্রহণযোগ্য। কারণ এতে নিরিবিলি পরিবেশ নিশ্চিত হবে। সুরমা সেতুর কারণে শহরের সাথে সার্বক্ষণিক যোগাযোগেও সমস্যা হবে না। স্বচ্ছতার সাথে উন্নয়ন কাজ সমাপ্ত করে প্লট বরাদ্দ করা গেলে অনেকেই উপকৃত হবেন বলে আমাদের মনে হয়। তবে প্লট বরাদ্দে যদি স্বজনপ্রীতি ও দুর্নীতির আশ্রয় গ্রহণ করা হয় তাহলে পুরো প্রক্রিয়ার সুবিধাগুলোই ভেস্তে যাবে। আমরা আশা করব যাবতীয় কাজে স্বচ্ছতা বিধান করা হবে।
প্রতি শতাংশ জায়গার যে মূল্য ২ লাখ ৪২ টাকা নির্ধারণ করা হয়েছে সেটিকে আপাতত আমাদের কাছে বেশ বেশি মনে হচ্ছে। সাধারণত এখন উপশহর এলাকায় এরচাইতে অনেক কম দামে জমি পাওয়া যায়। উপশহরের জায়গা অধিগ্রহণের ব্যয় ও উন্নয়ন কাজের ব্যয় বিশ্লেষণ করে আমরা অনুমান করতে পারি নির্ধারিত দামের অর্ধেক মূল্যে উপশহরে জায়গা বিক্রি করা সম্ভব। উপশহর নির্মাণ করে বিক্রি করার মাধ্যমে সরকারকে মুনাফা অর্জন করতে হবে এমন কোন কথা নেই। এটি জনসাধারণের কলাণ্যার্থে বাস্তবায়ন করা হচ্ছে। যত কম মূল্যে এই কল্যাণ করা যায় তত বেশি স্বল্পবিত্তের মানুষজন এর সুফল পাবেন। আমরা আশা করছি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি ভেবে দেখবেন। এছাড়া প্রকল্প ব্যয় সংক্রান্ত যাবতীয় তথ্যাদি স্থানীয় গণমাধ্যমের মাধ্যমে জনসমক্ষে উপস্থাপনের জন্য আমরা গৃহায়ন ও গণপূর্ত বিভাগের দৃষ্টি আকর্ষণ করছি।