স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে এক ঘন্টার জন্য পরিবার পরিকল্পনা কর্মকর্তার প্রতীকী দায়িত্ব পালন করেছে অন্তরা সূচি হাজং।
এক ঘন্টার দায়িত্ব নিয়ে অন্তরা সূচি হাজং তার বক্তব্যে বলেন, উপজেলায় স্বাস্থ্যসেবার মান উন্নয়ন, প্রজনন স্বাস্থ্যসেবার মান উন্নয়ন ও পরিবার পরিকল্পনা সেবার মান উন্নয়ন করবো। ইউনিয়ন পরিবার কল্যাণ কেন্দ্রসহ মাঠ পর্যায়ে জনবল নিয়োগের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করবো। এসময় প্রতিষ্ঠানকে দুর্নীতি মুক্ত রাখার আহবান জানান তিনি।
‘গার্লস টেকওভার’ শীর্ষক অনুষ্ঠানে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জসিম উদ্দিনের কাছ থেকে এক ঘণ্টার জন্য প্রতীকী পরিবার পরিকল্পনা কর্মকর্তার দায়িত্ব নিয়ে এই কথাগুলো বলেন অন্তরা সূচি হাজং।
অন্তরা সূচি হাজং এনসিটিএফ রাজাই কমিটির সাধারণ সম্পাদক এবং সীমান্তের রাজাই গ্রামের বাসিন্দা। ‘গড়বে শিশু সোনার দেশ, ছড়িয়ে দিয়ে আলোর রেশ’ এ শপথ নিয়ে রবিবার বেলা ১১টায় উন্নয়ন সংস্থা ইরা ও প্লান ইন্টারন্যাশনালের সহযোগিতায় ওয়াই—মুভ্স প্রকল্প কর্তৃক উপজেলা পরিবার পরিকল্পনা অফিসের হলরুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ইরা’র প্রজেক্ট ম্যানাজার ফয়সল আহমদের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জসিম উদ্দিন, উন্নয়ন সংস্থা সেভ দ্য চিলড্রেন এর উপজেলা কো—অর্ডিনেটর সিদ্দিকুর রহমান, সাংবাদিক শওকত হাসান প্রমুখ।


