একটি দুঃখ নিয়েই বিদায়

স্টাফ রিপোর্টার
দুর্গম হাওর অধ্যুষিত উপজেলা দিরাই-শাল্লা সড়ক যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নয়ন করে গেছেন এলাকার প্রবীণ রাজনীতিবিদ ও সংসদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত। সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক সড়কের মদনপুর এলাকা থেকে তিনি প্রথমে দিরাই উপজেলা সদরে, পরে শাল্লা উপজেলামুখি রাজানগর-শ্যামারচর রাস্তা নির্মাণ করেন। তবে দিরাই-শাল্লা পাকা সড়ক নির্মাণের কাজ শেষ না করতে পেরে দুঃখ নিয়ে বিদায় নিলেন তিনি।
উল্লেখ্য, সুরঞ্জিত সেনগুপ্ত কিছুদিন পূর্বে ঢাকার ঝিগাতলার বাসভবনে শাল্লার দলীয় নেতাকর্মীদের বলেছিলেন
আমি,‘ জীবদ্দশায় শাল্লার সড়কটি করে যেতে চাই। দিরাই থেকে শাল্লায় গাড়ি নিয়ে যাব। এই রাস্তাটি নির্মাণ করার সময় পর্যন্ত ঈশ্বর যেন আমাকে বাঁচিয়ে রাখেন। যে কোন মূল্যে এই কাজটি করতে চাই। ’
ঢাকায় সেদিনের বৈঠকে উপস্থিত নেতাকর্মীরা তাঁকে উৎসাহ দিয়ে বলেছিলেন- দাদা অবশ্যই শাল্লার রাস্তা পাকা হবে। আপনার জীবদ্দশায়ই হবে। আমরা চাই আপনি এই রাস্তার উপর দিয়েই গাড়ি নিয়ে শাল্লা যাবেন। কিন্তু সৃষ্টিকর্তার ইচ্ছা না থাকায় জীবদ্দশায় শাল্লার রাস্তার কাজ শেষ করতে পারেননি সুরঞ্জিত সেনগুপ্ত। যদিও শাল্লার রাস্তা নির্মাণের অনেক কাজ এগিয়ে গেছে।  
উপজেলার বাহাড়া গ্রামের ব্যবসায়ী জ্ঞানেশ চন্দ্র সরকার বলেন,‘ সেন বাবু আমাদের এলাকায় যতটুকু উন্নয়ন করেছেন তার জন্য আমরা তার কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকব। ’
শাল্লা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান রান্টু লাল দাস বলেন,‘সুরঞ্জিত সেনগুপ্তকে হারিয়ে আমরা দিরাই-শাল্লাবাসী একজন অভিভাবককে হারালাম। ’