একটি মানুষও না খেয়ে মরবে না: প্রধানমন্ত্রী

সু.খবর ডেস্ক
এই অঞ্চলে আর কোনো দিন দুর্ভিক্ষ হবে না। মঙ্গা থাকবে না। দেশের একটি মানুষও না খেয়ে মরবে না। যাদের ঘর নেই, তারা ঘর পাবে। কেউ বিনা চিকিৎসায় মরবে না। সব ছেলেমেয়ে লেখাপড়ার সুযোগ পাবে। আজ বুধবার কুড়িগ্রামের চিলমারীতে ‘খাদ্যবান্ধব কর্মসূচি’ উদ্বোধন করতে এসে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
‘শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ’—হতদরিদ্র মানুষের জন্য চালু হওয়া এই পল্লি রেশনিং কার্যক্রমের আওতায় ১০ টাকা কেজি দরে চাল দেওয়া হবে। সারা দেশের ৫০ লাখ পরিবার এ সুবিধা পাবে। বছরের যে সময়ে খেতখামারে কাজ থাকে না, তখন পল্লি রেশনিং কার্ডধারীরা বছরে পাঁচ মাস এ খাদ্যসহায়তা পাবে। সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, মার্চ ও এপ্রিল—এই পাঁচ মাস খাদ্যবান্ধব এই কর্মসূচি চালু থাকবে। কুড়িগ্রাম জেলার নয় উপজেলার ১ লাখ ২৫ হাজার ২৭৯ পরিবার এ সুবিধার আওতায় আসবে।
কর্মসূচি উদ্বোধন উপলক্ষে চিলমারীর থানা হাট এ ইউ উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী বেলা ১১টায় সভাস্থলে উপস্থিত হন। এর আগে তিনি হেলিকপ্টারযোগে চিলমারী হেলিপ্যাডে অবতরণ করেন। ব্যাপক নিরাপত্তাবেষ্টনীর মধ্য দিয়ে সেখান থেকে এক কিলোমিটার দূরে সভাস্থলে আসেন। সে সময় পথে পথে হাজার হাজার মানুষ তাঁকে এক নজর দেখার জন্য ভিড় জমায়। ভোর থেকে রৌমারী, রাজীবপুর, উলিপুর, নাগেশ্বরী, ফুলবাড়ী, ভূরুঙ্গামারী, বিলুপ্ত ছিটমহল দাসিয়ারছড়া, রাজারহাট ও কুড়িগ্রাম থেকে হাজার হাজার মানুষ প্রধানমন্ত্রীকে এক নজর দেখতে ছুটে আসে। প্রধানমন্ত্রী দুপুর সোয়া ১২টা থেকে বেলা পৌনে ১টা পর্যন্ত প্রায় ৩০ মিনিট বক্তব্য দেন।
প্রধান অতিথির ভাষণে প্রধানমন্ত্রী বলেন, ‘এই কুড়িগ্রামের নাম শুনলেই মঙ্গার কথা ওঠে। বৃহত্তর রংপুরে মঙ্গা শব্দটি আর কারও মুখে বা কানে যেন শুনতে না হয়, সেই লক্ষ্যে কাজ করছি আমরা। এ অঞ্চলে আর কোনো দিন দুর্ভিক্ষ হবে না। মঙ্গা থাকবে না। হতদরিদ্র মানুষকে ১০ টাকা কেজি দরে খাদ্যবান্ধব কর্মসূচির মাধ্যমে ৩০ কেজি করে চাল দেওয়া হচ্ছে। সারা দেশে যে মাসগুলোতে কাজ থাকে না, তখন বছরে পাঁচবার চাল বিতরণ করা হবে।’ তিনি বলেন, চিলমারী বন্দরের পুরোনো ঐতিহ্য ফিরিয়ে আনার জন্য কাজ করা হবে। চিলমারী থেকে পায়রা সমুদ্রবন্দর পর্যন্ত যোগাযোগব্যবস্থা উন্নত করা হবে। কুড়িগ্রামের ১৬টি নদীর নাব্যতা তৈরির জন্য ড্রেজিংয়ের ব্যবস্থা করা হবে। এ জন্য সমীক্ষার কাজ চলছে। এ ছাড়া দ্বিতীয় ধরলা ব্রিজ ও রাস্তা নির্মাণে কাজ করা হচ্ছে। এ এলাকার রেল সংযোগও আরও উন্নত করা হবে।
প্রধানমন্ত্রী বলেন, ‘সারা দেশ ঘুরে দেখেছি মানুষের দুঃখ-দুর্দশা। মানুষ যেন অনাহারে না থাকে, কষ্ট না পায়—সে জন্য এ সরকার সামাজিক নিরাপত্তাবলয় গড়ে তুলেছি। কুড়িগ্রামে দীর্ঘস্থায়ী বন্যা ও নদীভাঙনে যারা গৃহহারা হয়েছে। তাদের জমি দেব। ঘরবাড়ি দেব। যারা দরিদ্র-ক্ষুধার্ত, তাদের মুখে অন্ন তুলে দেওয়ার ব্যবস্থা করব। ২০২১ সালের মধ্যে ক্ষুধামুক্ত-দারিদ্র্যমুক্ত দেশ গড়ে তুলব।’ তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসে দিতে।
দেশে সন্ত্রাস ও জঙ্গিবাদে বিএনপি-জামায়াতকে দায়ী করে প্রধানমন্ত্রী বলেন, ‘একদিকে আমরা দেশের দুর্ভিক্ষ দূর করার চেষ্টা করছি। অপর দিকে সন্ত্রাস, জঙ্গিবাদ সৃষ্টি করেছে বিএনপি-জামায়াত। যারা মানুষ খুন করে, তারা ইসলামের লোক হতে পরে না। যুবসমাজ যাতে বিপথে না যায়, মাদকাসক্ত না হয়, সেদিকে সবাই নজর রাখুন। মা-বাবা, শিক্ষক, নির্বাচিত প্রতিনিধি—সবার কাছে আবেদন, সন্তানেরা কে কোথায় যায়, সে ব্যাপারে খেয়াল রাখুন।’
খাদ্যমন্ত্রী মো. কামরুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন বিশেষ অতিথি কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গা, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ, চিলমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও চিলমারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত আলী সরকার বীর বিক্রম প্রমুখ।
সমাবেশে স্বাগত বক্তব্য দেন খাদ্য মন্ত্রণালয়ের সচিব এ এম বদরুদ্দোজা। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-৩ আসনের সাংসদ এ কে এম মাঈদুল ইসলাম, কুড়িগ্রাম-৪ আসনের সাংসদ রুহুল আমিন, সংরক্ষিত মহিলা আসনের সাংসদ সফুরা বেগম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক মো. জাফর আলী, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক মতিয়ার রহমান, রংপুর জেলা পরিষদের প্রশাসক মমতাজুল হক, কুড়িগ্রামের জেলা প্রশাসক খান মো. নুরুল আমিন, পুলিশ সুপার মোহাম্মদ তবারক উল্লাহ্, চিলমারী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল কুদ্দুছ সরকার প্রমুখ।
অনুষ্ঠান শেষে বেলা পৌনে দুইটার দিকে প্রধানমন্ত্রী হেলিকপ্টারযোগে ঢাকার উদ্দেশে রওনা দেন।