স্টাফ রিপোর্টার
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ ইউনেস্কোর ‘মেমোরি অব দ্যা ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টার’ এ ‘বিশ্বপ্রামাণ্য ঐতিহ্য’ তালিকাভূক্ত হওয়ায় সারাদেশের ন্যায় সুনামগঞ্জে শনিবার আনন্দ শোভাযাত্রা এবং সমাবেশ মঞ্চে একসাথে বসলেন
আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতারা। নেতায় নেতায় বিরোধ থাকলেও আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতারা একমঞ্চে বসলেন, বক্তব্য দিলেন, বড় কোন অঘটন ছাড়া কর্মসূচিও সমাপ্ত করলেন।
সমাবেশ মঞ্চে আওয়ামী লীগের বয়োজ্যেষ্ঠ নেতারা এবং অঙ্গ সংগঠনের দায়িত্বশীলদের আহ্বান করা হয়। একমাত্র পৌর আওয়ামী লীগ ছাড়া অন্য কোন বিষয়ে কেউ দ্বিমতও পোষণ করেননি।
জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান সমাবেশ শুরু হবার কিছুক্ষণ পরে আসলেও এর আগেই অঙ্গ সংগঠনের নেতাদের মঞ্চে ডাকা হয়।
সমাবেশের সামনে উপস্থিত অনেকেই কেন্দ্রীয় নেতাদের উপস্থিতি ছাড়া এভাবে জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান, সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুন নাহার বেগম শাহানা, জেলা পরিষদ চেয়ারম্যান নুরুল হুদা মুকুট, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন ও আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য পৌর মেয়র আয়ুব বখ্ত জগলুলের উপস্থিতিতে সমাবেশ দেখেননি বলে মন্তব্য করেছেন।
সকলকে উপস্থিত রাখায় আয়োজক জেলা প্রশাসনকেও ধন্যবাদ জানিয়েছেন অনেক বক্তা।


